Advertisement
E-Paper

Netaji: নিজের চোখে ভগবানের ভোগ খাওয়া দেখলেন অন্বেষা!

মাটিতে পা গুটিয়ে খেতে বসেছেন নেতাজি, কাঁসার থালায় চুড়ো করে দেওয়া ভাত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ২০:৪০
নিজের চোখে ঈশ্বরকে দেখলেন অন্বেষা

নিজের চোখে ঈশ্বরকে দেখলেন অন্বেষা

সাজগোজের ছবি নয়। যুগের হুজুগ মেনে রিল ভিডিয়ো-ও নয়। মঙ্গলবার অন্বেষা হাজরা একেবারে ভিন্ন পথে হাঁটলেন। সবার ইনস্টাগ্রামে যখন হয় ধারাবাহিকের দৃশ্য, ফ্যাশন বা মজাদার রিল ভিডিয়ো, অন্বেষা ছবি দিয়েছেন সুভাষচন্দ্র বসুর! ছোট পর্দার ‘ঊর্মি’র চোখে যিনি জীবন্ত ভগবান! এ ভাবেই তিনি ছক ভেঙে আবার মন জয় করে নিলেন সবার। নেতাজির ছবি, তাঁকে ‘ঈশ্বর’ সম্বোধন, আরও এক বার ছুঁয়ে গিয়েছে বাঙালিকে।

কেমন ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-এর নায়িকা? সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠদের থেকে শোনা যায়, নেতাজি খেতে ভালবাসতেন। সেই রকমই একটি ছবি তিনি দিয়েছেন। মাটিতে পা গুটিয়ে খেতে বসেছেন নেতাজি। কাঁসার থালায় চুড়ো করে দেওয়া ভাত। থালার চারপাশে পঞ্চ ব্যঞ্জনের বাটি। তৃপ্তি করে খাচ্ছেন ‘আজাদ হিন্দ বাহিনি’র প্রধান। ঠোঁটে পরিতৃপ্তির হাসি।

ছবি সম্বন্ধে অভিনেত্রীর উপলব্ধি, ‘ঠিক যেন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। বাড়িতে দুর্গাপুজোয় দেখেছি, ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। যাতে কেউ না দেখে। কিন্তু.... এই ছবি থেকে চোখ সরাতেই ইচ্ছে করছে না!’ হঠাৎ এমন অভিনব ভাবনার কারণ কি? আনন্দবাজার অনলাইনের কাছে অন্বেষার দাবি, ‘‘নেতাজি না থাকলে আমরা স্বাধীন হতাম না। তাই আমার চোখে তিনি ভগবান। এই দুর্লভ ছবিটি দেখেই মনে হল, সত্যিই তা হলে ভগবানকে ভোগ দেওয়া হয়। এবং তিনি সেই ভোগ গ্রহণও করেন! কেবল আমরা দেখতে পাই না।’’

এর পরেই তাঁর মনে হয়, তিনি একা কেন এমন বিরল দৃশ্য দেখবেন? তখনই সবার সঙ্গে ছবি এবং নিজের অনুভূতি ভাগ করে নেন অন্বেষা।

Annwesha Hazra Television actress Netaji Subhas Bose
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy