Advertisement
E-Paper

অর্জুন ও জাহ্নবীর পরিবারে বিয়ের আবহ! অংশুলার বিবাহ আসরে কী কী হচ্ছে? প্রস্তুতি কত দূর?

বাগ্‌দান আগেই সেরেছিলেন তাঁরা। ২১ জুন থেকে অংশুলা ও রোহনের প্রাক্‌বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং প্রিয়জনদের উপস্থিতিতে একের পরে এক অনুষ্ঠান চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৪:৪২
অংশুলার বিয়ে নিয়ে অর্জুন ও জাহ্নবীর হইচই।

অংশুলার বিয়ে নিয়ে অর্জুন ও জাহ্নবীর হইচই। ছবি: সংগৃহীত।

অর্জুন কপূরের পরিবারে বিয়ের আবহ। আনন্দে মেতেছেন জাহ্নবী কপূর, খুশি ও শনায়া কপূর-সহ সকলেই। বেশ কিছু দিন ধরেই পরিবারে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অংশুলা কপূর ও রোহন ঠক্কর। বাগ্‌দান আগেই সেরেছিলেন তাঁরা। ২১ জুন থেকে তাঁদের প্রাক্‌বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং প্রিয়জনদের উপস্থিতিতে একের পরে এক অনুষ্ঠান চলছে।

ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ছবিগুলিতে হবু কনে অংশুলাকে তাঁর ভাই-বোন অর্জুন, জাহ্নবী ও খুশিদের সঙ্গে আনন্দ করতে দেখা যাচ্ছে। প্রাক্‌বিবাহ অনুষ্ঠান খুবই ঘরোয়া আবহে সম্পন্ন হয়েছে।

এই বিশেষ দিনে অংশুলাকে বেইজ ও সোনালি রঙের মিশেলে একটি ভারী কাজ করা লেহেঙ্গা পরতে দেখা গিয়েছে। সাবেকি সাজের সঙ্গে তিনি একটি সুন্দর জমকালো ওড়না নিয়েছিলেন, যা তাঁর সাজে উজ্জ্বল রঙের ছোঁয়া যোগ করেছিল। হালকা গয়না তাঁর সাজ সম্পূর্ণ করে।

কপূর পরিবারের অন্য মেয়েরাও সাজে নজর কাড়েন এই দিন। জাহ্নবীর পরনে ছিল একটি গোলাপি সিল্কের শাড়ি। সেই সঙ্গে লাল রঙের সুতোর কাজ করা ব্লাউজ় এবং সোনার গয়না। তাঁর ছোট বোন খুশি বেছে নিয়েছিলেন একেবারে হালকা গোলাপি রঙের কুর্তি ও ঘরারা সেট। সঙ্গে ছিল পান্নার গয়না এবং হালকা সাজ। শনায়া পরেছিলেন সাদা ও সোনালি কাজ করা চুড়িদার, সঙ্গে নিয়েছিলেন পেস্তা রঙের ওড়না। প্রত্যেকেই রংবেরঙের সাবেকি সাজে সেজেছিলেন।

পরিবারে বিয়ের আবহ।

পরিবারে বিয়ের আবহ। ছবি: সংগৃহীত।

২০২৫ সালের জুলাই মাসে অংশুলা তাঁর দীর্ঘদিনের সঙ্গী রোহনের সঙ্গে বাগ্‌দান সারেন। রোহন তাঁকে কী ভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তা তুলে ধরেছিলেন কিছু ছবির মাধ্যমে। সেই ছবি ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। অংশুলার হবু স্বামী পেশায় চিত্রনাট্যকার বলেও জানা গিয়েছে। আগামী ৬ জুলাই মুম্বইয়ে বসবে অংশুলা ও রোহনের বিয়ের আসর। সেখানে ঘনিষ্ঠদের পাশাপাশি বলিউডের তারকারাও উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, অংশুলা এবং অর্জুন প্রযোজক বনি কপূরের প্রথম স্ত্রীর সন্তান। তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরি কপূর ২০১২ সালে প্রয়াত হন। অন্য দিকে, শ্রীদেবীর সঙ্গে বনির বিয়ের পরে জাহ্নবী আর খুশির জন্ম। তবে অর্জুন ও অংশুলার সঙ্গে নিজের ভাইবোনের মতোই সম্পর্ক জাহ্নবী ও খুশির। বিভিন্ন জায়গায় নিজেদের সুসম্পর্কের কথা তুলে ধরেছেন তাঁরা।

Anshula Kapoor Janhvi Kapoor Arjun Kapoor Sister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy