Advertisement
E-Paper

ইজ়রায়েলি সীমান্তের কাছে লেবাননে ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় উন্নত ড্রোনের খোঁজ! ইরানের দিকে আঙুল আইডিএফের

ইজ়রায়েলি সামরিক কর্তাদের মতে, ড্রোন তৈরি, হামলা— পুরোটাই পরিকল্পনার নেপথ্যে ইরান। তাদের দেওয়া টাকায় লেবাননে হিজ়বুল্লা এই অস্ত্রভান্ডার তৈরি করেছে বলে দাবি ইজ়রায়েলের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৫:৪১
Israeli troops uncover underground drone factory in Lebanon

লেবাননে খোঁজ মিলল ভূগর্ভস্থ অস্ত্রভান্ডারের। ছবি: সংগৃহীত।

মাটির তলায় ঘর। আর সেই ঘরে সার দিয়ে সাজানো একের পর এক ড্রোন। ইজ়রায়েলের সেনাবাহিনীর দাবি, লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার। লুকোনো এই ড্রোনভান্ডারের খোঁজ পেয়ে ইজ়রায়েল সরাসরি ইরানের দিকেই আঙুল তুলছে।

দক্ষিণ লেবানন, ইজ়রায়েলি সীমান্তের কাছে পাহাড়ি একটি অস্ত্রভান্ডারের ‘আবিষ্কার’ করল বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। ‘দ্য টাইমস অফ ইজ়রায়েল’-এর এক প্রতিবেদনে দাবি, হিজ়বুল্লা এই অস্ত্রভান্ডার থেকে ড্রোন নিয়ে ইজ়রায়েলে হামলা চালাত। ছিল ভবিষ্যতে হামলার পরিকল্পনাও। আইডিএফের দাবি, ইরানের অর্থায়নেই এই ড্রোন তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

ইজ়রায়েলি সামরিক কর্তাদের মতে, ড্রোন তৈরি, হামলা— পুরো পরিকল্পনার নেপথ্যে ইরান। তাদের দেওয়া টাকায় লেবাননে হিজ়বুল্লা এই অস্ত্রভান্ডার তৈরি করেছে। ইরানের সরাসরি সহায়তায় গত দশকে এই ভূগর্ভস্থ অস্ত্রভান্ডারটি তৈরি হয়েছে।

ইজ়রায়েলি সীমান্ত থেকে ছ’কিলোমিটার দূরে মাজদাল জৌন গ্রামে একটি সুড়ঙ্গের হদিস পায় ইজ়রায়েলের সেনাবাহিনী। সেই সুড়ঙ্গপথ দিয়ে ঢুকে আবিষ্কার হয় এই অস্ত্রভান্ডারের। চলতি মাসের শুরুতে দক্ষিণ লেবাননে ইজ়রায়েল যে অভিযান চালিয়েছিল, সে সময়ই এই অস্ত্রভান্ডারের খোঁজ মিলেছিল বলে দাবি। সম্প্রতি, সেই ড্রোনভান্ডারের ছবি প্রকাশ্যে এনেছে ইজ়রায়েলি সেনা। শুধু তা-ই নয়, সাংবাদিকদের এই সুড়ঙ্গপথ দিয়ে নিয়ে গিয়ে ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার ঘুরিয়ে দেখানোও হয়। জানা গিয়েছে, এই সুড়ঙ্গটি পাহাড়ের নীচে কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত। মাটির প্রায় ২৯ মিটার পর্যন্ত গভীরে রয়েছে অস্ত্রভান্ডারটি।

ইজ়রায়েলি সামরিক বাহিনীর মতে, এই অস্ত্রভান্ডারটি ইস্পাতের বড় বিস্ফোরণরোধী দরজা দিয়ে সুরক্ষিত ছিল। অতীতে হিজ়বুল্লার যে সব সুড়ঙ্গ, ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার পাওয়া গিয়েছে, সেগুলির তুলনায় এই অস্ত্রভান্ডারে অনেক বেশি উন্নতমানের ব্যবস্থাপনা রয়েছে। ভিতরে সৈন্যেরা এমন কিছু ঘরের হদস পান, যেখানে ড্রোন তৈরির উপযোগী পরিকাঠামোর সন্ধান মেলে। ইজ়রায়েলের দাবি, চোরাচালান করে আনা জিনিস দিয়ে ওই কারখানায় ড্রোন তৈরি করা হত। ওই অস্ত্রভান্ডার থেকে ইজ়রায়েলি সেনা প্রায় ৫০টি ড্রোন উদ্ধার করেছে।

‘দ্য টাইমস অফ ইজ়রায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই পাহাড়ের দক্ষিণ প্রান্তে বিশেষ উৎক্ষেপণ স্থানেরও খোঁজ মিলেছে। সুড়ঙ্গের শেষে চারটি পথ রয়েছে, যেগুলি দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া যায়। তবে প্রত্যেকটি পথই সুরক্ষিত দরজা দিয়ে আটকানো। সেনাবাহিনীর মতে, ওই দরজা খুলে ইজ়রায়েলের দিকে ড্রোন হামলা চালানো হত। শুধু ড্রোন নয়, প্রায় আট টন বিস্ফোরকও উদ্ধার হয়েছে। উচ্চপদস্থ এক সেনাকর্তার কথায়, ‘‘এগুলি এমন ড্রোন, যা ইজ়রায়েলের কাছে হুমকির। আমরা হিজ়বুল্লার থেকে সেই শক্তি কেড়ে নিতে পেরেছি।’’

আমেরিকা-ইরানের মধ্যে স্বাক্ষরিত মউয়ে বলা হয়েছে, লেবানন-সহ সর্বত্র সংঘর্ষ থামবে। কিন্তু লেবাননে উত্তেজনা এখনও থামেনি। ইজ়রায়েল এবং হিজ়বুল্লার মধ্যে যুদ্ধবিরতি বজায় থাকলেও বার বার লেবানন উত্তপ্ত হয়ে উঠছে।

Israel-Hezbollah Conflict Lebanon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy