Advertisement
E-Paper

পর পর হুমকি, এ বার গায়কের অনুষ্ঠানে তাণ্ডব, মঞ্চে উঠে গেল বিক্ষোভকারীরা, পাল্টা কী করলেন দিলজিৎ?

মাস কয়েক আগে গায়কের কানাডার অনুষ্ঠানে খলিস্তানের পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। এ বার দিলজিতের সান ফ্রান্সিকোর অনুষ্ঠানে ঘটল কী কাণ্ড?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৫:৫৩
দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান ব্যাঘাত।

দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান ব্যাঘাত। ছবি: সংগৃহীত।

দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানে ধুন্ধুমার। সম্প্রতি সান ফ্রান্সিকোর চেস সেন্টারে অনুষ্ঠান ছিল দিলজিতের। সেখানেই অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হয় গায়ককে। অভিযোগ, খলিস্তানের পতাকা হাতে উঠে পড়েন এক দর্শক। মঞ্চে উপস্থিত গায়ককে রীতিমতো ধাক্কাও দেন। তবে এই প্রথম নয়, মাস কয়েক আগে গায়কের কানাডার অনুষ্ঠানেও খলিস্তানের পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। তখন রীতিমতো ক়ড়া ভাষায় তাদের আক্রমণ করেন দিলজিৎ। খলিস্তানিপন্থীদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এ বার কী করলেন গায়ক?

অভিযোগ, গত এক বছর ধরে বার বার এই নির্দিষ্ঠ সংগঠনের থেকে হুমকি পেয়েছেন দিলজিৎ। সান ফ্রান্সিকোয় দিলজিতের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এ পর পর দু’টি অনুষ্ঠান ছিল। প্রথম দিনেই এমন অভিজ্ঞতার মুখে পড়েন। মঞ্চে উঠে পড়লে ওই বিক্ষোভকারীকে রীতিমতো ধরে নামানো হয় মঞ্চ থেকে। যদিও এত কিছুর পরেও গান গাওয়া থামাননি দিলজিৎ। এই ধরনের বাধার জেরে খানিকক্ষণের জন্য অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে তাঁর। যদিও গোটা ঘটনা পুলিশের সাহায্যে নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় বিক্ষোভকারী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। অনুষ্ঠান চত্বর থেকে বার করে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

দিলজিৎ স্পষ্ট করে দেন, গানের অনুষ্ঠানে তিনি এ সব সহ্য করবেন না। এর পাশাপাশি পঞ্জাবি শিল্পী জানান, পঞ্জাবের সঙ্গে তিনি কী ভাবে বরাবর জড়িয়ে থেকেছেন। কৃষক আন্দোলন থেকে শুরু করে পঞ্জাবের বন্যা— সমস্ত ঘটনায় তিনি বরাবর সক্রিয় থেকেছেন বলেও জানান। তিনি আরও জানান, তিনি যা করছেন সবসময় পঞ্জাবের জন্যই করেছেন। শুধু তাই নয় দিলজিৎ বলেন, ‘‘আমি জিমি ফ্যালকনের অনুষ্ঠানে পঞ্জাব ও গুরু নানকের প্রচারে গিয়েছিলাম। আমি সেখানে কোনও সিনেমা বা গানের প্রচার করতে যাইনি। আমি সেখানে গিয়েছিলাম পঞ্জাব এবং সেখানকার সমস্যাগুলোকে সামনে আনতে, যাতে জাতীয় গণমাধ্যম এ নিয়ে কথা বলে। আমি টেলিভিশনে এক জনের মুখোমুখি বসেছিলাম বলে যদি আপনার এখনও কোনও সমস্যা থাকে, তা হলে আপনি যত খুশি পতাকা ওড়াতে থাকুন।”

দিলজিৎ জানান, তিনি শুধু পঞ্জাবের সমস্যা তুলে ধরেছেন তাই নয়, প্রয়োজনে পঞ্জাবের জন্য দান করেছেন। তবে তাঁর অনুষ্ঠানে কেউ বিক্ষোভ করতে এলে সেটাও সহ্য করবেন না, তা স্পষ্ট করে দেন দিলজিৎ।

Diljit Dosanjh Bollywood Singer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy