বলিউডের অন্যতম সফল এবং বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। নায়কের চরিত্রে সে ভাবে তাঁকে দেখা না গেলেও পার্শ্বচরিত্রে চিরকাল তাঁর অভিনয় রীতিমতো নজর কেড়েছে। নিজের সৃজনশীলতার উপরে দখল থাকলেও, চিরকাল স্বাচ্ছল্য ছিল না। একসময়ে ব্যাঙ্কে মাত্র ৪০০ টাকা নিয়েও কাটিয়েছেন তিনি। তবে এখন তিনিই ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক।
একুশ শতকের শুরুর দিকে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দায় প্রযোজনা শুরু করেন। ইন্ডাস্ট্রিতে নতুন ভূমিকায় তাঁর উপস্থিতি বেশ নজর কেড়েছিল। কিন্তু অচিরেই সেই ব্যবসা ডুবে যায়। ২০০৪ সালের মধ্যে তাঁর আর্থিক অবস্থা এমন হয় যে শোনা যায়, ব্যাঙ্ক ব্যালেন্স তলানিতে ঠেকেছিল। অভিনেতা জানান, পরিস্থিতি আরও খারাপ হয় কারণ তখন তিনি ঋণও নিয়েছিলেন একাধিক। দেনার দায়ে খোয়াতে বসেছিলেন বাড়ি, অফিসও। অভিনেতা বলেন, “আমরা টাকা ধার নিচ্ছিলাম। আর আমার পরিবারে আমিই প্রথম একসঙ্গে ১০ হাজার টাকা দেখেছিলাম। সুদের পরিমাণ বাড়তে থাকে। ব্যাঙ্কে মাত্র ৪০০ টাকা প়ড়েছিল। বাড়ি আর অফিস বন্ধক রাখতে হয়।”
আরও পড়ুন:
প্রকাশ্যে সফল অভিনেতা হলেও ভিতরে ভিতরে আর্থিক অনটনে দিন কাটাচ্ছিলেন। তবে সেই কঠিন পরিস্থিতি থেকে নিজের চেষ্টায় বেরিয়ে আসেন অভিনেতা। বছরের পর বছর ধরে একের পর এক কাজের মাধ্যমে নিজের স্থান পোক্ত করেন আবার। এখন নাকি তিনি ছবিপিছু তিন থেকে পাঁচ কোটি টাকা করে পারিশ্রমিক নেন। অবশ্যই তাঁর অভিনয়দক্ষতার জন্যই তা সম্ভব হয়েছে। খবর, এখন ৭১ বছর বয়সি অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৪০৫ কোটি। প্রতি বছর তাঁর আয়ের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। এই ইন্ডাস্ট্রিতে চার দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন। অভিনয় করেছেন ৫০০-টিরও বেশি ছবিতে। অভিনয়ের পাশাপাশি তাঁর একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র আছে।