Advertisement
E-Paper

কৃতির সঙ্গে বচসায় জড়ালেন ইয়ামি গৌতম? তড়িঘড়ি দীর্ঘ বিবৃতিতে কোন যুক্তি ‘হক্’ অভিনেত্রীর?

সম্প্রতি মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কৃতি সেনন। ‘তেরে ইশ্ক মে’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। মনোনয়নে ‘হক্’ ছবির জন্য ছিল ইয়ামির নামও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৭:১৫
পুরস্কার নিয়ে কৃতি বনাম ইয়ামি?

পুরস্কার নিয়ে কৃতি বনাম ইয়ামি? ছবি: সংগৃহীত।

কৃতি সেনন বনাম ইয়ামি গৌতম। এ বার কি এই দুই অভিনেত্রীর মধ্যে বচসা বাধল? কী এমন ঘটেছে? নানা জল্পনা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ খুললেন ইয়ামি নিজেই। দীর্ঘ বিবৃতি দিলেন।

সম্প্রতি মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কৃতি সেনন। ‘তেরে ইশ্ক মেঁ’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। মনোনয়নে ‘হক্’ ছবির জন্য ছিল ইয়ামির নামও। কৃতি পুরস্কার পাওয়ার পরে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। একটি পোস্টে বলা হয়, এই পুরস্কারের যোগ্য আসলে ইয়ামি। কৃতির নাকি এই পুরস্কার প্রাপ্য নয়। দেখা যায়, এই পোস্টটি ‘লাইক’ করেছেন স্বয়ং ইয়ামি। তার পরেই প্রশ্ন উঠতে থাকে, ইয়ামি ও কৃতির মধ্যে কি তা হলে নিঃশব্দ লড়াই শুরু হল?

এর কিছু ক্ষণের মধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন ইয়ামি। তাঁর দাবি, তিনি ভুল করেই পোস্টটি ‘লাইক’ করেছিলেন। অভিনেত্রী লিখেছেন, “আমার নজরে এসেছে, অন্য এক অভিনেতাকে ছোট করে করা একটি পোস্টে আমি কোনও ভাবে ‘লাইক’ করেছি। প্রতিদিন অজস্র পোস্টে আমাদের ট্যাগ করা হয়। এই পোস্টটিও তেমন ভাবেই সামনে এসেছিল। আমি ইচ্ছে করে ‘লাইক’ করিনি। হয়তো ভুল করে ক্লিক হয়ে গিয়েছে।”

এখানেই শেষ নয়। ইয়ামি আরও লেখেন, “জীবনে কখনও আমি সস্তা প্রচারকৌশলের আশ্রয় নিইনি। আমি সব সময়ে নিজের কাজে মন দিয়েছি এবং এগিয়ে গিয়েছি। এখন সমাজমাধ্যম এগুলো নিয়ে গুজব তৈরি করে। তবে আমি আশা করি, মানুষ বুঝবেন। আমার কোনও ‘পিআর টিম’ নেই। বিনোদনজগতের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে আমার অবস্থান আমি অনেক আগেই পরিষ্কার করেছি, আর আমি এখনও নিজের কাজেই মন দিচ্ছি।” উল্টো দিকে এই প্রসঙ্গে এখনও নীরবতা বজায় রেখেছেন কৃতি সেনন।

Yami Gautam Kriti Sanon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy