Advertisement
E-Paper

মোদীর ভারতকে বিধিনিষেধের হুমকি দিলে ‘বুমেরাং’ হয়ে যাবে! দিল্লির নীতির প্রশংসা পুতিনের

ভারত এবং রাশিয়ার সম্পর্ক, বাণিজ্যিক লেনদেন নিয়ে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চড়া হারে শুল্কও আরোপ করেছিলেন দিল্লির উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১২:১১
(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (মাঝে) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)।

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (মাঝে) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সবসময় সার্বভৌম থেকেছে। এই ভারতকে বিধিনিষেধের হুমকি দিলে তা ‘বুমেরাং’ হয়ে যেতে পারে। এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম থেকে ‘বন্ধু’ ভারতের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সেই সঙ্গে বার্তা দিয়েছেন আমেরিকাকেও।

ভারত এবং রাশিয়ার সম্পর্ক, বাণিজ্যিক লেনদেন নিয়ে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে ভারত যে খনিজ তেল কেনে, তাতে আপত্তি জানিয়েছেন তিনি। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গ তুলে ভারতের উপর চড়া হারে শুল্কও আরোপ করেছিলেন। পুতিন ভারতের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘‘ভারত সবসময় একটি সার্বভৌম দেশের মতো আচরণ করে। প্রধানমন্ত্রী মোদীর অধীনে যে কোনও বিধিনিষেধের সম্ভাব্য হুমকি সঙ্গে সঙ্গেই বুমেরাং হয়ে যাবে।’’ ভারতের কৌশলগত স্বাতন্ত্র্যের প্রশংসা করেছেন পুতিন। তাঁর কথায়, ‘‘ভারত একটি সার্বভৌম দেশ। যে সমস্ত পণ্য তারা নিজেদের জন্য সবচেয়ে উপযোগী এবং আধুনিক বলে মনে করে, সেটাই বেছে নেয়। এ ব্যাপারে তারা স্বাধীন। যে যা-ই বলুক, ভারত সবসময় এই নীতির ভিত্তিতেই কাজ করে এসেছে।’’

প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা রয়েছে। রাশিয়ার কাছ থেকে সুখোই-৫৭ কিংবা এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে আমেরিকা কি নতুন কোনও বিধিনিষেধ আরোপ করবে নয়াদিল্লির উপর? এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ‘স্বাধীন বিদেশনীতি’র কথা বলেছেন পুতিন। তাঁর মতে, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই ভারত স্বাধীন ভাবে তাদের বিদেশনীতি নির্ধারণ করছে। বাইরের কোনও চাপ এ ক্ষেত্রে প্রভাব ফেলবে না। পুতিন বলেছেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির উপর আদৌ নির্ভর করে না। অন্য সব বন্ধু দেশের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য।’’

ভারতে পণ্য বিক্রির বিষয়ে কারও নির্দেশ মানতে রাশিয়া বাধ্য নয়, জানিয়ে দিয়েছেন পুতিন। তাঁর কথায়, ‘‘আমাদের নির্দেশ দেওয়া যাবে না। কেউ আমাদের এটা বলতে পারে না যে, ভারতে রফতানি কোরো না। নয়াদিল্লিকে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, সেই অনুযায়ীই চলব।’’

ভারতের প্রশংসা করে সেন্ট পিটার্সবার্গে সংবাদমাধ্যমের প্রধানদের সঙ্গে বৈঠকেও মুখ খুলেছিলেন পুতিন। জানিয়েছিলেন, পশ্চিমি দেশগুলির চাপ সৃষ্টির কৌশল এ ক্ষেত্রে খাটবে না। এ ছাড়া, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতির প্রশংসাও করেছিলেন পুতিন। জানিয়েছিলেন, মোদীর নেতৃত্বে ভারত সরকার যে কঠোর পরিশ্রম করেছে, এই অর্থনৈতিক সাফল্য তারই ফল।’’

Vladimir Putin Narendra Modi US Russia Ties India Russia Ties
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy