নিজের ছবিতে অরিজিতের গান রাখবেন না, একসময় জানিয়েছিলেন সলমন খান। ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে প্রীতমের সুরে একটি গান গাওয়ার কথা ছিল অরিজিতের, যা হয়নি। শেষপর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চান অরিজিৎ সিংহ। সম্পর্ক স্বাভাবিক হয় তাঁদের। সম্প্রতি সিনেমার গান থেকে অবসরের কথা ঘোষণা করেন অরিজিৎ। তার পরে সলমনের আলোচিত প্রেমিকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে কোন নতুন কাজ করলেন গায়ক?
আরও পড়ুন:
২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎ এবং সলমনের দ্বন্দ্বের সূত্রপাত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক হলেও অত্যন্ত সাধারণ মানের জীবনযাপনেই অভ্যস্ত অরিজিৎ। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সাদামাঠা পোশাকেই গিয়েছিলেন অরিজিৎ। মঞ্চে পুরস্কার নিতেও উঠেছিলেন সেই পোশাকেই। সেখানেই ঘটে ‘অঘটন’। সলমন মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎকে প্রশ্ন করেন, তিনি দর্শকাসনে বসে ঘুমিয়ে পড়েছিলেন কি না! আচমকা এমন প্রশ্নে থতমত খেয়ে অরিজিৎ উত্তর দেন, ‘‘আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।’’ মঞ্চ থেকে নেমে দর্শকাসনে না বসে সোজা হাঁটা লাগিয়েছিলেন অরিজিৎ। তাতে আরও চটে গিয়েছিলেন সলমন। ভাইজানের মনে হয়েছিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে অপমান করছেন অরিজিৎ। এর পরে দীর্ঘ দিন মান-অভিমানের পালা চললেও কয়েক বছর পরে সলমন নিজেই অরিজিৎকে ‘বন্ধু’ তকমা দিয়েছেন।
অবসর ঘোষণার পরে সলমনের আলোচিত বান্ধবী ইউলিয়ার সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োয় কাজ করলেন গায়ক। ‘ইকো অফ আস’ শীর্ষক এই ভিডিয়োয় ইউলিয়ার সঙ্গে অভিনয় করবেন দীপক তিজোরী। গান গেয়েছেন অরিজিৎ ও ইউলিয়া। তাই গায়কের কণ্ঠ শুনতে পাওয়া যাবে না বলে যাঁরা উদ্বেগে ছিলেন, তাঁদের জন্য নিঃসন্দেহে এটি সুখবর।