সলমন খানের সঙ্গে হাত মেলাচ্ছেন অরবিন্দ স্বামী! এটুকু খবরেই উল্লসিত দুই অভিনেতার অনুরাগীরা। দুই অভিনেতার জনপ্রিয়তা যথেষ্ট। বিশেষ করে মণিরত্নমের ‘রোজ়া’ ছবির নায়ক অরবিন্দকে নিয়ে অনুরাগীদের থেকে অনুরাগিনীদের আগ্রহ বেশি।
ফলে, একদিকে বাঁধভাঙা উল্লাস। অন্য দিকে, কৌতূহলের পারদও চড়ছে। হঠাৎ সলমনের সঙ্গে জোট বাঁধছেন কেন অরবিন্দ? তাঁরা জোট বেঁধে করবেনই বা কী?
সংবাদমাধ্যমের খবর, পরিচালক বামশী পইডিপল্লীর আগামী ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করবেন সলমন। বিপরীতে নায়িকা দক্ষিণী তারকা নয়নতারা। অভিনেত্রীর বলিউডযোগ অবশ্য নতুন নয়। এর আগে ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের নায়িকা হয়েছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই এই দু’টি নাম প্রকাশ্যে আসায় পরিচালকের আগামী ছবি ‘এসভিসি৬৩’ (সম্ভাব্য নাম) নিয়ে আগ্রহ বাড়ছেই। তাতেই ইন্ধন জুগিয়েছে অরবিন্দ স্বামীর যোগদানের কথা। এ-ও শোনা যাচ্ছে, এ বার আর খলনায়ক নয়, এই ছবিতে ইতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। অরবিন্দের চরিত্রটি নায়কের মতোই সমান গুরুত্বপূর্ণ।
সলমন, নয়নতারা, অরবিন্দের পাশাপাশি এই মুহূর্তে শোনা যাচ্ছে আরও একটি নাম। তিনি অনিল কপূর। খবর, তিনিও নাকি এই তারকাখচিত ছবির অন্যতম গুরুত্বপূর্ণ কুশীলব। এরই সঙ্গে পরিচালক বামশী তাঁর ছবির ‘খলনায়ক’-এর খোঁজে ব্যস্ত। শোনা যাচ্ছে, মুম্বইয়ের কোনও তারকা অভিনেতাকেই তিনি এই চরিত্রে পেতে চাইছেন।