Advertisement
E-Paper

অঙ্কিতাকে পাল্টা আইনি চিঠি দেবালয়ের! অভিনেত্রীকে হেনস্থার অভিযোগের ঘটনা কোন দিকে মোড় নেবে?

অঙ্কিতা অভিযোগ করেন, তিন বছর আগে একটি ‘ফিল্মি’ পার্টিতে পরিচালক তাঁকে হেনস্থা করেন জনসমক্ষে। এই মর্মে দেবালয়কে আইনি চিঠি পাঠানোর কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৩:৫১
অঙ্কিতাকে আইনি চিঠি পাঠালেন দেবালয়!

অঙ্কিতাকে আইনি চিঠি পাঠালেন দেবালয়! ছবি: সংগৃহীত।

সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী জানিয়েছিলেন, পরিচালক দেবালয় ভট্টাচার্যকে আইনি চিঠি পাঠানো হয়েছে। এ বার অভিনেত্রীকে পাল্টা আইনি নোটিস পাঠালেন পরিচালক। যে চিঠিতে বলা হয়েছে, অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে পরিচালকের কাছে।

অঙ্কিতা অভিযোগ করেন, তিন বছর আগে একটি ‘ফিল্মি’ পার্টিতে পরিচালক তাঁকে জনসমক্ষে হেনস্থা করেন। অঙ্কিতা বলেছিলেন, “ওই পার্টিতে বলপূর্বক চুম্বনের চেষ্টা করেছিল দেবালয়দা।” এই অভিযোগেই পরিচালককে আইনি চিঠি পাঠানো হয়েছে বলে দাবি অঙ্কিতার।

এ বার পরিচালক বললেন, “অঙ্কিতাকে আইনি চিঠি পাঠিয়েছি। আমার সম্মানহানি হবে এমন মন্তব্য যেখানে যেখানে ও করেছে, সব জায়গা থেকে সেগুলো মুছতে হবে। সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে। আর তা যদি অঙ্কিতা না করে, তা হলে মানহানির অভিযোগে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি এটাও বলতে চাই যে, আমার কাছে এখনও কোনও আইনি চিঠি আসেনি।”

এই প্রেক্ষিতে অঙ্কিতা কী বললেন? তিনি কি আইনি চিঠি পেয়েছেন? অভিনেত্রী বলেন, “এখন সবটাই আইনের আওতায়। আইনি প্রক্রিয়া চলছে। তাই প্রকাশ্যে আমি কিছু বলতে পারি না। বলতে চাইও না। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন। জানা যাবে আইনি চিঠি কে কখন পেয়েছিল।”

প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনের পরে অঙ্কিতার আইনজীবী প্রিয়ম দে জানিয়েছিলেন, আইনি চিঠি পাঠানোর পরে দেবালয় যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তা হলে পদক্ষেপ করা হবে। এর পরে কি পদক্ষেপ করবেন অঙ্কিতা? কোন দিকে গড়াবে এই ঘটনা? এখনই তা বলা যাচ্ছে না।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy