দু’দিন আগের ঘটনা। শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা সুদীপ সরকার। তাঁর স্ত্রী অনিন্দিতা রায়চৌধুরী জানিয়েছিলেন, সম্ভবত গরমে খাওয়া-দাওয়া থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই কারণে, হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাঁকে। তবে এখন অভিনেতা অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সুদীপ।
অনিন্দিতা বলেছেন, “হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও শারীরিক ভাবে খুবই দুর্বল এখনও সুদীপ। চিকিৎসক পুরো বিশ্রামে থাকতে বলেছেন ওকে। সাত দিন বেশ কিছু কড়া নিয়ম মেনে চলতে হবে তাই।” এখন কয়েকটা দিন বাড়িতেই থাকতে হবে সুদীপকে।
আরও পড়ুন:
গরমে শুটিং, সেই সঙ্গে খাওয়া-দাওয়া থেকেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। কিছু দিন হল ‘গঙ্গা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ছোটপর্দার দুঁদে খলনায়ক হিসাবেই পরিচিত সুদীপ। ‘ফুলকি’ ধারাবাহিকে তাঁর চরিত্র বিপুল জনপ্রিয়তা পায়। এক দিকে ফুলকি, অন্য দিকে রুদ্ররূপ। দু’জনের জোর টক্করে জমে উঠেছিল কাহিনির প্রতিটা মোড়। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরে কয়েকটা মাস বাড়িতেই ছিলেন অভিনেতা। মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছিলেন। তার পরে নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়। সুস্থ হয়ে শীঘ্রই ফ্লোরে ফিরবেন সুদীপ।