‘কম্পাস’ ধারাবাহিকের শুটিং করছিলেন। শটের মাঝেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। তার কিছু দিন আগেই জানতে পেরেছিলেন যে, তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু আচমকাই যে এমন ঘটনা ঘটে যাবে ভাবতে পারেননি। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন অন্বেষা।
শুক্রবার শুটিং থেকে সোজা হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হয়েছে অস্ত্রোপচার। হাসপাতাল থেকে অভিনেত্রী বলেন, “অপরিকল্পিতভাবেই অন্তঃসত্ত্বা হয়েছিলাম আমি। বুঝতে পারিনি। দু’মাস হয়েছিল। হঠাৎই পেটে ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময়েই গর্ভপাত হয়। আমার প্রাণহানি হতে পারত। চিকিৎসক অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। আমাকে বাঁচানো কঠিন হয়ে যেত। খুব কষ্ট হয়েছে।”
হাসপাতালের ছবি ভাগ করে নিয়েছেন অন্বেষা। ছবি: ইনস্টাগ্রাম।
এমন আকস্মিক ঘটনায় খুবই মনখারাপ অভিনেত্রীর। সঙ্গে সারা ক্ষণ রয়েছেন অন্বেষার স্বামী। অভিনেত্রী আরও যোগ করেন, “আমার শুটিংয়ের সবাই খুব ভাল। এই পরিস্থিতিতে আমাকে খুব সাহায্য করেছে। কোনও ভাবে শট শেষ করেই আমাকে হাসপাতালে নিয়ে আসে সকলে।” অভিনেত্রীর নিজেরও সহ্যক্ষমতা প্রবল, অসুস্থতার মাঝেও নিজেকে মানসিক ভাবে শক্ত রাখার চেষ্টা করেছেন। সুস্থ হয়েই ফিরবেন শুটিংয়ে। আপাতত নিজেকে এই ধাক্কা থেকে সামলানোর চেষ্টা করছেন অন্বেষা।