দলাই লামার সঙ্গে দেখা করেন ভূমি পেডনেকর। দেখা হওয়ার পরে তাঁর চোখ থেকে নেমে আসে জলের ধারা। কেন কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী? দলাই লামার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা কেমন? জানালেন ভূমি।
দলাই লামার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা সারাজীবন সঙ্গে নিয়ে চলবেন ভূমি, জানালেন নিজেই। সম্প্রতি হিমাচল প্রদেশের ধর্মশালায় গিয়ে তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই মুহূর্তের বেশ কিছু ছবি তিনি সমাজমাধ্যমে তুলে ধরেছেন।
ভূমি জানান, দলাই লামার সঙ্গে দেখা করার সময়ে তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁর চোখ থেকে নাকি অনবরত জল গড়িয়ে পড়তে থাকে। অভিনেত্রীর কথায়, “সব কিছু যেন খুব হালকা লাগছিল। চারপাশ শান্ত এবং পরাবাস্তবের মতো। আমি যখন দেখা করে বেরিয়ে আসছি, বুঝতে পারি, আমার চোখ থেকে অঝোরে জল গড়িয়ে পড়ছে। এই অনুভূতি আমি বলে বোঝাতে পারব না। এমন শান্তি ও আন্তরিকতা পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। এই স্মৃতি আমি সর্বদা বহন করব।”
আরও পড়ুন:
অভিনেত্রীর মতে, এই সাক্ষাৎ তাঁর মন স্পর্শ করেছে এবং নতুন ভাবে অনুপ্রাণিত করেছে। তাঁর ভাগ করা ছবিগুলিতে দেখা গিয়েছে, ভূমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দলাই লামার আশীর্বাদ নিচ্ছেন।
উল্লেখ্য, ভূমি অভিনয়ের পাশাপাশি পরিবেশ ও সামাজিক নানা বিষয় নিয়েই সক্রিয়। দলাই লামার সঙ্গে তাঁর এই সাক্ষাৎ তাই অনু্রাগীদের কাছেও বিশেষ গুরুত্ব পেয়েছে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ওটিটি ছবি ‘দলদল’-এ। আসন্ন দিনে তাঁকে একটি কোর্টরুম ড্রামা-য় দেখা যাবে।