Advertisement
E-Paper

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে সুইৎজ়ারল্যান্ড, নজর কাড়লেন জ়িদান-পুত্র লুকা

ভাল শুরু করেও বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-র ম্যাচে হেরে গেল আলজেরিয়া। প্রথম ১০ মিনিট দাপট ছিল আলরেজিয়ারই। ১০ মিনিটে প্রথম গোল পাওয়ার পর খেলার রাশ দখলে নিয়ে নেন সুইৎজ়ারল্যান্ডের ফুটবলারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১০:২৬
Picture of Football

সুইৎজ়ারল্যান্ডের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

সুইৎজ়ারল্যান্ড – ২ (এমবোলো, এনদোয়ে)

আলরেজিয়া - ০

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল সুইৎজ়ারল্যান্ড। খেলার ফল সুইৎজ়ারল্যান্ডের পক্ষে ২-০। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত সুইৎজ়ারল্যান্ড। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও সাহসী ফুটবল খেলার করেছেন আলরেজিয়ার ফুটবলারেরাও।

শুরুটা খারাপ করেনি আলজেরিয়া। আগ্রাসী ফুটবল খেলে সুইৎজ়ারল্যান্ডকে চাপে রাখার চেষ্টা করেন আলজেরিয়ার ফুটবলারেরা। সুইৎজ়ল্যান্ড তুলনায় রক্ষণাত্মক ছিল। তবে ১০ মিনিটেই বদলে গেল খেলার গতি। প্রতি আক্রমণ থেকে গোল করে সুইৎজ়ারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। মাঝমাঠ থেকে বল নিয়ে আলজেরিয়ার বক্সে ঢুকে যান মানজ়াম্বি। পোস্টের বাঁ দিকে প্রায় গোল লাইন থেকে ক্রশ করেন। তাতেই পরাস্ত হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জ়িদান। ফাঁকায় বল পেয়ে গোল করেন এমবোলো।

পিছিয়ে পড়ার পরেও আলজেরিয়া অবশ্য রক্ষণাত্মক হয়ে যায়নি। সাহসী ফুটবল খেলেছে। সুই‌ৎজ়ারল্যান্ডের বক্সে বার বার হানা দেওয়ার চেষ্টা করেছে। তবে ফাইনাল থার্ডে গিয়ে আটকে গিয়েছেন আলজেরিয়ার স্ট্রাইকারেরা। এগিয়ে যাওয়ার পর ধীরে ধীরে দাপট বাড়াতে শুরু করে সুইৎজ়ারল্যান্ড। মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষাট করেন সুইস ফুটবলারেরা। ২৪ মিনিটে অল্পের জন্য বাইরে চলে যায় রিকার্ডো রদ্রিগেজের শট। ৩১ মিনিটে আলজেরিয়ার বক্সে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেন রুবেন ভার্গাস। সুইৎজ়ারল্যান্ড দাপট বাড়ালেও প্রথমার্ধে আর গোল করতে পারেনি। চাপের মুখে লড়াই চালিয়ে গিয়েছে আলজেরিয়াও। ৪৪ মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন রিয়াদ মাহরেজ়। সুইৎজ়ারল্যান্ডের গোলরক্ষক পোস্টের ডান দিক ঘেঁসে ছিলেন। বাঁ দিকে অনেকটা জায়গা অরক্ষিত ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে ডান দিকেই শট মারেন মাহরেজ়। প্রথমার্ধের সংযুক্ত সময়ও গোলের সুযোগ নষ্ট করে আলজেরিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় সুইৎজ়ারল্যান্ড। ৪৬ মিনিটে গোল করেন ডান এনদোয়ে। বক্সে উড়ে আসা ক্রশ ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি আলজেরিয়ার ডিফেন্ডার। ফাঁকায় বল পেয়ে যান এনদোয়ে। দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এর পরও আলজেরিয়া লড়াই থেকে পিছিয়ে যায়নি। ব্যবধান কমানোর চেষ্টা করেছে। তবে কাজের কাজ হয়নি। বরং ৬৫ মিনিটের পর সুইৎজ়ারল্যান্ড আক্রমণের তীব্রতা অনেকটা বাড়িয়ে দেয়। খেলা থেকে ক্রমশ হারিয়ে যেতে শুরু করে আলজেরিয়া। এ সময় গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে সুইৎজ়ারল্য়ান্ড। অন্তত দু’বার প্রায় নিশ্চিত গোল রুখে দিয়েছেন জিনেদিন জ়িদানের গোলরক্ষক পুত্র।

(বাঁ দিকে) লুকা জ়িদানের কাছে বেশ কয়েক বার আটকে গেল সুইৎজ়ারল্যান্ড।

(বাঁ দিকে) লুকা জ়িদানের কাছে বেশ কয়েক বার আটকে গেল সুইৎজ়ারল্যান্ড। ছবি: রয়টার্স।

ম্যাচের শেষ ১৫-১৬ মিনিটে দু’দলই গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করেছে। সেগুলির অর্ধেক কাজে লাগলেও চিত্তাকর্ষক হয়ে উঠতে পারত সুইৎজ়ারল্যান্ড-আলজেরিয়া লড়াই।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
২ ঘণ্টা আগে
Switzerland Algeria

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy