ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর সারাজীবন প্রচারের আলোর বাইরে থেকেছেন। বরং ধর্মেন্দ্রের স্ত্রী হিসাবে খ্যাতির আলো পড়েছে হেমা মালিনীর উপর। প্রকাশ সানি দেওল ও ববি দেওলের মা। পঞ্জাবের মেয়ে এমন তারকার সঙ্গে বিয়ে হওয়ার পর প়ঞ্জাব ছেড়ে মু্ম্বইয়ে সংসার পাতেন। ধর্মেন্দ্রের সংসারে তাঁর সন্তানদের লালন-পালন করেছেন। সম্প্রতি ববি জানান, মা হিসাবে বেশ শক্ত ছিলেন তিনি। কথায় কথায় মায়ের হাতে জুতোপেটা খেতে হত ববিকে।
আরও পড়ুন:
ছোটবেলা থেকেই পড়াশোনায় মন ছিল না ববির। স্কুলে যাওয়ার নাম শুনলে নাকি কান্না পেত তাঁর। পড়েন ইংরেজি মাধ্যম স্কুলে সেখানে গিয়ে হিন্দিতে কথা বলতেন। সেটা ছিল গর্হিত অপরাধ।। বার বার শিক্ষকেরা অভিযোগ জানাতেন ববিকে নিয়ে। পরিস্থিতি এমন হয় যে, ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুল থেকে ছাড়িয়ে হিন্দি মিডিয়াম স্কুলে ভর্তি করানোর পরামর্শ পর্যন্ত দেন শিক্ষকেরা। তখনই রেগে যান ববির মা। অভিনেতা বলেন, ‘‘স্কুল থেকে আমাদের বাড়ি হাঁটাপথ ছিল। মা স্কুলে ছাড়তে যেত। এত অভিযোগ আসত যে মারতে মারতে নিয়ে যেত মা। তার পর যখন আমাকে স্কুল ছাড়ানোর কথা বলেন শিক্ষকেরা, মা সকলের সামনে জুতোপেটা করতে শুরু করে। প্রায় রক্তারক্তি অবস্থা হয়ে যায়। আসলে মা খুবই কঠোর ছিলেন। ছেলেমেয়ে বিপথে চলে যাবে, সেটা চাননি।’’
ববি জানান, তিনি নাকি মায়ের কাছে প্রায়ই জুতো দিয়ে মার খেতেন। মা প্রকাশের নাকি এটা অস্ত্রের মতো ছিল। তবে বাবা ধর্মেন্দ্র সে ভাবে কখনও মারেননি। চোখ বড় বড় করলেই নাকি ভয়ে পেতেন দুই ছেলে। এ ছাড়াও বাবার হাতে যা জোর ছিল সেটা ভেবেই আর দুষ্টুমি করার সাহস পেতেন না।