Advertisement
E-Paper

আর এক ছাদের তলায় নয়, বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সুস্মিতা সেনের ভ্রাতৃবধূ চারু

বর্তমানে বলিপাড়ায় চর্চায় রয়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু অসোপা। তাঁদের দাম্পত্য কলহ আর অন্দরমহলের ভিতর সীমাবদ্ধ নয়। আইনি পদ্ধতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১২:৫১
আইনি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন সুস্মিতা সেনের ভ্রাতৃবধূ চারু অসোপা।

আইনি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন সুস্মিতা সেনের ভ্রাতৃবধূ চারু অসোপা। —ফাইল চিত্র

দিনের পর দিন গার্হস্থ্য অশান্তি, পরকীয়া সন্দেহে মারধর। আর এক ছাদের তলায় নয়, বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের ভ্রাতৃবধূ চারু অসোপা।

বর্তমানে বলিপাড়ায় চর্চায় রয়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু অসোপা। তাঁদের দাম্পত্য কলহ আর অন্দরমহলের ভিতর সীমাবদ্ধ নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের টানাপড়েন নিয়ে মুখ খুলেছেন চারু। রাজীবের বিরুদ্ধে পরকীয়া সন্দেহে মারধরের অভিযোগ তুলেছেন তিনি।

২০১৯ সালে বিয়ের পর থেকেই কোনও না কোনও সমস্যা লেগেই ছিল। এক বার বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু তাঁদের সম্পর্ককে আরও একটি সুযোগ দিতে চেয়েছিলেন দম্পতি। তার পরেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। চারু জানান, রাজীব নাকি মাসের পর মাস না জানিয়ে কোথাও উধাও হয়ে যেতেন। শুধু তাই নয়, সমাজমাধ্যমে মাঝেমাঝে চারুকে নাকি ব্লকও করে দিতেন রাজীব। সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন, এমনকি, তাঁদেরকে হুমকি দিয়ে মেসেজও পাঠাতেন রাজীব, অভিযোগ চারুর।

এই অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও সহ্যের সীমারেখা পার হয়ে যায়, তাই আইনি পদ্ধতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রাজীবের সঙ্গে এক বাড়িতে থাকতেও চান না চারু। সম্প্রতি চারুকে তাঁর ইউটিউব ভ্লগে দেখা যায়, রাজস্থানের বাড়িতে চারু তাঁর বাবা-মায়ের সঙ্গে দীপাবলির অনুষ্ঠান উদ্‌যাপন করছেন। তার পরেই মুম্বইয়ে নতুন বাড়িতে গিয়ে থাকা শুরু করবেন তিনি, জানান চারু।

এই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে মেনে নেননি। চারুর মতে, সত্যি কখনও প্রমাণ করতে হয় না। তা এমনিই প্রকাশ্যে আসে। বরং কোন ঘটনা মিথ্যা, তা প্রমাণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘‘আমাকে অনেকেই কুকথা বলেছেন। তা শুনে আমার খুব খারাপ লেগেছে। কিন্তু আমি কারও ধারণা বদলাতে পারব না। অনেকে রয়েছেন, যাঁরা আমায় ভালবাসেন। তাঁরা আমার অবস্থা বুঝেছেন।’’

rajeev sen charu asopa susmita sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy