Advertisement
E-Paper

‘নিখুঁত’ অ্যাকশন দৃশ্যে দেখা যাচ্ছে চিত্রগ্রাহককে! ‘ধুরন্ধর ২’ ছবি নিয়ে নতুন আলোচনা শুরু

রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর ২’ ঝড় তুলেছে বক্সঅফিসে। প্রথম ছবির মতোই এই ছবিরও প্রশংসায় পঞ্চমুখ দর্শক। তবে এই ছবির বিরুদ্ধে ‘একপেশে’ হওয়ার অভিযোগও উঠেছে। এ বার নতুন আলোচনা শুরু এই ছবি নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১১:৩১
আলোচনায় ‘ধুরন্ধর ২’ ছবির এই নির্দিষ্ট দৃশ্য।

আলোচনায় ‘ধুরন্ধর ২’ ছবির এই নির্দিষ্ট দৃশ্য। ছবি: সংগৃহীত।

আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’ ঝড় তুলেছে বক্সঅফিসে। প্রথম ছবির মতোই এই ছবিরও প্রশংসায় পঞ্চমুখ দর্শক। তবে এই ছবির বিরুদ্ধে ‘একপেশে’ হওয়ার অভিযোগও উঠেছে। এত আলোচনার মাঝে, দর্শকের একাংশ আবার একটি অ্যাকশন দৃশ্যে ‘খুঁত’ খুঁজে পেয়েছেন। যা নিয়ে নতুন ধরনের আলোচনার শুরু। কী দেখানো হয়েছে সেই দৃশ্যে?

‘ধুরন্ধর ২’-এ মারপিট-হিংসার পরিমাণ প্রথম ছবির থেকে বেশি থাকবে বলে জানানো হয়েছিল আগেই। তেমনই একটি দৃশ্যে দেখা যায় রণবীর সিংহ অভিনীত হামজ়ার চরিত্রের সঙ্গে মারপিট হচ্ছে তার ছোটবেলার বন্ধু পিন্দার। সেই দৃশ্যই এখন আলোচনার কেন্দ্রে। কেন? সিনেমার গল্প অনুযায়ী একসময়ের দুই বন্ধু, এখন একে অপরের শত্রুদলে। ছবির আলোচিত এই দৃশ্যে মুখোমুখি হয় তারা। অত্যন্ত আবেগঘন ও গভীর সেই দৃশ্যে নাকি দর্শকের নজর পড়েছে আয়নায় চিত্রগ্রাহকের প্রতিফলনে। অর্থাৎ শুটিংয়ের সময় চিত্রগ্রাহককে যে উল্টোদিকের আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে, তা হয়তো খেয়ালই করেননি নির্মাতারা। কিন্তু, দর্শকের তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো যে বেশ কঠিন! ধরে নেওয়া যায় যে, দৃশ্যে ওই শটটি ভুলবশতই রয়ে গিয়েছে। তবে আলোচনা কি থেমে থাকে?

সমাজমাধ্যমে ওই অংশের ভিডিয়ো পোস্ট হতেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে দর্শকের মধ্যে শুরু হয় তরজা। কারও মতে এটা নিছকই একটা ভুল। তবে অনেকের অভিযোগ, ওই নির্দিষ্ট ভিডিয়োটি প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়েছে। অনেকে আবার আয়নায় ক্যামেরা হাতে সিনেম্যাটোগ্রাফার বিকাশ নওলাখাকে চিনতে পেরেছেন। তবে বেশির ভাগেরই মতে, ওই ভিডিয়োটি ভুয়ো। কেউ কেউ আবার প্রসঙ্গ টেনেছেন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট’-এর। সেখানেও নাকি একটি দৃশ্যে চিত্রগ্রাহককে ফ্রেম থেকে সরাতে ভুলে গিয়েছিলেন পরিচালক। উল্লেখ্য, মুক্তির মাত্র ৩ দিনের মাথায় দেশে ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

Dhurandhar 2 Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy