Advertisement
E-Paper

একে ছিলেন, একশোতেও আছেন! প্রিয়দর্শনের শততম ছবিতে মোহনলাল, কী বার্তা দিলেন

১০০তম ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক প্রিয়দর্শন। অভিনয় করছেন মলয়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার মোহনলাল। কয়েক দশক আগে তাঁর প্রথম ছবিতেও ছিলেন মোহনলাল। তা নিয়ে সমাজমাধ্যমে বার্তা দিলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ২১:০০
বৃত্ত সম্পূর্ণ করলেন প্রিয়দর্শন-মোহনলাল।

বৃত্ত সম্পূর্ণ করলেন প্রিয়দর্শন-মোহনলাল। ছবি: সংগৃহীত।

একে ছিলেন, একশোতেও আছেন। সুদীর্ঘ একটা বৃত্ত সম্পূর্ণ হল যেন। মলয়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার মোহনলাল ও চিত্রপরিচালক প্রিয়দর্শন আবার এক হলেন। সৌজন্যে, প্রিয়দর্শনের একশো নম্বর ছবি। পরিচালকের প্রথম ছবিতে অভিনয় করেছিলেন মোহনলাল। তার পর কেটে গিয়েছে অনেক বছর। মাঝে আরও ছবি করেছেন তাঁরা একসঙ্গে। দু’জনেই সেরার শিরোপা পেয়েছেন নানা সময়ে। জনতার কাছে প্রিয় হয়েছেন। এ বার তাঁরাই নতুন করে এক হলেন পরিচালকের শততম ছবির দৌলতে।

সুপারস্টার মোহনলাল ও চিত্রপরিচালক প্রিয়দর্শন আবার এক হলেন।

সুপারস্টার মোহনলাল ও চিত্রপরিচালক প্রিয়দর্শন আবার এক হলেন। ছবি: ইনস্টাগ্রাম

প্রিয়দর্শন মানেই ‘হেরাফেরি’, ‘হলচল’, ‘বোয়িং বোয়িং’-এর মতো হাসির ছবি— এই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করতেই এ বার পুরো অন্য ধাঁচের ছবি বানাতে চলেছেন পরিচালক। ‘কমেডি’ নয়, বরং ‘মিউজ়িক্যাল’ হিসেবে তৈরি হবে নতুন এই ছবি। নামকরণ যদিও এখনও হয়নি।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে নিজেদের বন্ধুত্বের গল্প ভাগ করে নিলেন মোহনলাল। প্রিয়দর্শন যে শততম ছবির কাজে হাত দিচ্ছেন, সে সাফল্য যেন মোহনলালেরও। নিজেকে এতটাই গর্বিত বলে দাবি করলেন মোহনলাল। তাই লিখলেন, ‘‘কখনও কখনও কোনও মাইলফলক কারও একার হয় না, এর ভাগীদার তাঁরাও, যাঁরা একসঙ্গে সেই যাত্রায় হেঁটেছিলেন। প্রিয়ান (প্রিয়দর্শনকে যে নামে ডাকেন তিনি) ১০০তম ছবির কাজে হাত দিচ্ছে, এটা আমার জন্য ঠিক কী অর্থ বহন করে, তা বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। এই সংখ্যা আদপে নিছক সংখ্যা নয়। এই সংখ্যা যেন গল্পকারের জীবনের অসংখ্য গল্প, যার নেপথ্যে রয়েছে আবেগ, সিনেমার প্রতি বিশ্বাস, সেই বি‌শ্বাসে ভর করা অগণিত সকাল এবং এক অবিচল নিষ্ঠার যাত্রা। আমি সৌভাগ্যবান যে সে সব খুব কাছ থেকে দেখতে পেয়েছি।’’

মোহনলাল জানাচ্ছেন, এই যাত্রার অংশ হতে পেরে তিনি গভীর ভাবে সম্মানিত। কিছু মুহূর্ত ব্যাখ্যা করার জন্য নয়, কেবল অনুভব করার জন্য এবং তিনি অসম্ভব কৃতজ্ঞ। আর তাই তিনি প্রিয়দর্শনকে উদ্দেশ্য করে লিখলেন, ‘‘বন্ধু, তুমি যা কিছু সৃষ্টি করেছ, পৃথিবীকে যা কিছু দিয়েছ এবং যে সমস্ত গল্প এখনও বলার অপেক্ষায় আছ, সে সব কিছুর জন্য এই শ্রদ্ধাঞ্জলি দিলাম।’’

১৯৮৪ সালে প্রথম ছবি ‘পুচাক্কোরু মুককুঠি’ থেকে এই জুটির পথচলা শুরু হয়। মাঝে ‘বোয়িং বোয়িং’, ‘কালা পানি’, ‘ওপ্পম’-এর মতো ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। এ বার প্রিয়দর্শনের শততম সঙ্গীতনির্ভর ছবিতে জুটির জাদু দেখার জন্য অপেক্ষারত উত্তর থেকে দক্ষিণ ভারত।

Priyadarshan Mohanlal Malayalam Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy