বক্সঅফিসে ‘ধুরন্ধর ২’ চলছে রমরমিয়ে। রণবীর সিংহ অভিনীত জসকিরত সিংহ রঙ্গির পাশাপাশি আলোচনায় তার বন্ধু পিন্ডা ওরফে গুরবাজ় সিংহ। এই চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা উদয়বীর সান্ধু। তাঁর তুখোড় অভিনয়, পরিষ্কার পঞ্জাবি উচ্চারণ এবং পর্দায় সাবলীল উপস্থিতি রণবীরের পাশাপাশি তাঁকে দেখতেও বাধ্য করেছে বলে মত দর্শকের।
ছবিতে রণবীরের চরিত্র জসকিরতের ছোটবেলার বন্ধুর পিন্ডার চরিত্রে দেখা গিয়েছে উদয়বীরকে। বড় হয়ে সেই পিন্ডাই মাদকচক্রের সঙ্গে যুক্ত। এই ছবির চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ চরিত্র পিন্ডা। জসকিরতের বন্ধু থেকে শত্রুতে পরিণত হতে দেখা যাবে তাকে। ছবির এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রণবীরের হামজ়ার উদ্দেশে তাকে বলতে শোনা যায়, “বাড়ির কথা মনে পড়ে না তোর জস্সি?” তাঁদের অ্যাকশন দৃশ্যও বেশ নজর কেড়েছে দর্শকের।
আরও পড়ুন:
এই ছবিতে উদয়বীরকে ২০ বছর বয়সি ও ৪০ বছর বয়সি চরিত্রে দেখা গিয়েছে। একই ছবিতে দুই বয়সের চরিত্রের জন্য প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়ে আবার ঝরাতে হয় তাঁকে। শারীরিক এই পরিবর্তনের কথা ভাগ করে অভিনেতা বলেন, “একই ছবিতে ২০ বছরের বয়স্ক, তার পরে ৪০ বছর বয়স্কের ভূমিকাতেও অভিনয় করতে হয়েছে। আলাদা করে দেখানোর জন্য ১৫ কেজি ওজন বাড়াই, তার পরে ঝরিয়েছি। নিজের এতটা ক্ষমতা আছে কোনও দিন বুঝিনি। অনেক শৃঙ্খলা, রক্ত, ঘাম, চোখের জল দিয়ে এই চরিত্রটাকে গড়ে তুলেছি। আশা করছি, বড়পর্দায় পিন্ডাকে দেখে আপনাদের ভাল লাগবে।”
২০১৮ সালে হিন্দি ছবিতে পথচলা শুরু উদয়বীরের। অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবিতে অভিনয় করেন। শুধু অভিনেতাই নন, তিনি পঞ্জাবের জাতীয় স্তরের হকি খেলোয়াড়ও। রীমা কাগতি পরিচালিত ‘গোল্ড’ ছবিটিও হকি খেলোয়াড়দের নিয়েই তৈরি। সেখানে বাকি অভিনেতাদের হকির প্রশিক্ষণও দিয়েছিলেন উদয়বীর। এ ছাড়া, ভারত ও দক্ষিণ আফ্রিকায় মডেলিং করেছেন তিনি। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আগে ইমতিয়াজ় আলি পরিচালিত ‘অমর সিংহ চমকীলা’ ছবিতে কাজ করেছেন। শেহনাজ় গিল অভিনীত ‘ইক কুড়ি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।