নতুন ছবি ‘রানাবলী’র শুটিং চলাকালীন অভিনেতা বিজয় দেবরকোন্ডা নাকি দাবি করেছিলেন অনেক কিছু। সম্প্রতি সমাজমাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানেই দাবি করা হয়, ছবির সেটে ব্যবহারের জন্য বিজয় নাকি ৫-৬টি ক্যারাভ্যান এবং ৪০-৫০ জন সহকারী চেয়েছেন। এমনকি বিষয়টি নিয়ে প্রযোজক পরিষদের দ্বারস্থ হয়েছে প্রযোজনা সংস্থা ‘মৈত্রী মুভি মেকার্স’, জানা গিয়েছে এমনই।
তবে অভিনেতার সহযোগী দলের তরফে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দাবি, পরিকল্পিত ভাবে বিজয়ের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সমাজমাধ্যমে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এক বিবৃতিতে অভিনেতার সহযোগী দল জানায়, একাধিক ভুয়ো স্ক্রিনশট তৈরি করে এমন ভাবে ছড়ানো হচ্ছে, যেন সেগুলি কোনও সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। বিশেষত, ‘রানাবলী’ ছবিকে কেন্দ্র ওঠা অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই।
এ দিকে, এই মুহূর্তে ছবির কাজে ব্যস্ত রয়েছেন বিজয়। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘কিংডম’ ছবিতে। বর্তমানে তিনি পরিচালক রবি কিরণ কোলার ‘রাউডি জনার্দন’ ছবির শুটিং করছেন, সেখানে তাঁর সহ-অভিনেত্রী কীর্তি সুরেশ।
রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবলী’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। এই ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-ছবির সাফল্যের পর আবার বড়পর্দায় একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় জুটি। ফলে ‘রানাবলী’ নিয়ে দর্শকের আগ্রহও তুঙ্গে। তার মধ্যেই ভুয়ো খবর ঘিরে তৈরি হওয়া বিতর্কে সরব হলেন অভিনেতার ঘনিষ্ঠেরা।