দুই প্রযোজনা সংস্থার আসন্ন ধারাবাহিকের জন্য নাকি ‘লুকসেট’ করেছিলেন অভিনেত্রী সুস্মিতা দে। এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু তখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, ‘ব্লু’জ় প্রযোজনা সংস্থার আসন্ন ধারাবাহিকে নায়িকা হচ্ছেন সুস্মিতা।
‘লুকসেট’ নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে নাকি হয়েছে ধারাবাহিকের প্রোমোর শুটিং। কিন্তু প্রশ্ন হল সুস্মিতার বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, চেনা কোনও মুখ নয়। সুস্মিতার বিপরীতে জুটিতে দেখা যাবে নতুন কোনও এক নায়ককে। তাঁর নাম নাকি সৌম্য। তাঁকে এর আগে কোনও ধারাবাহিকে নাকি দেখেননি দর্শক। সূত্রের খবর, অভিনেত্রীর সঙ্গে প্রোমো শুট হয়েছে তাঁর। শীঘ্রই নাকি প্রকাশ্যে আসবে নতুন এই কাহিনির প্রথম ঝলক।
এই নতুন ধারাবাহিকে কি দেখা যাবে পারিবারিককেন্দ্রিক গল্প? শোনা যাচ্ছে, চেনা, তথাকথিত কাহিনি নাকি দেখা যাবে না নতুন ধারাবাহিকে। মহিলাকেন্দ্রিক গল্পে নাকি দেখা যাবে নতুন মোড়ক। খবর, এই ধারাবাহিকে সুস্মিতা এবং সৌম্য ছাড়াও দেখা যাবে মৌসুমী সাহা, মৈত্রেয়ী মিত্র-সহ আরও অনেক শিল্পীকে।
তবে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় নায়িকা সুস্মিতার সঙ্গে। কিন্তু তাঁর তরফেও মেলেনি কোনও উত্তর।
সুস্মিতার নাকি ‘লুকসেট’ হয়ে গিয়েছে। ছবি: সংগৃহীত।
প্রসঙ্গত, এর আগে আদৃত রায়ের সঙ্গে জুটিতে অভিনয় করার কথা ছিল সুস্মিতার। কিন্তু, সেই কাহিনিতে দেখা যাচ্ছে নতুন মুখ। আদৃতের নতুন নায়িকা অনুষ্কার নাম প্রকাশ্যে আসার পরে সবার মনে একটাই প্রশ্ন, কেন সরে গেলেন সুস্মিতা? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস ছিল, ধারাবাহিকের গল্প, লুক নিয়ে নায়িকার সঙ্গে নাকি অল্পবিস্তর মতবিরোধ হয় নির্মাতাদের। তার ফলেই নাকি সুস্মিতা এই ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নেন।
এই প্রেক্ষিতে সেই সময় আনন্দবাজার ডট কম-কে সুস্মিতা বলেছিলেন, “আমি নিজেকে একটু সময় দিতে চাই। তাড়াহুড়ো করে কোনও কাজ শুরু করতে চাই না। তাই এই মুহূর্তে ধারাবাহিকের কাজটি আমি করছি না।” উল্লেখ্য, এত কিছুর মাঝে একটি ওয়েব সিরিজ়েও কাজ করে ফেলেছেন সুস্মিতা। ‘কুহেলি’ ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে দর্শকমহলে।