যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত প্রকাশ করেন প্রিয়ঙ্কা চোপড়া। আগেও নারীবাদ নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে কথা বলেছেন। এ বার ঘরোয়া কাজের সঙ্গে লিঙ্গের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ঘরোয়া কাজ নিয়ে লিঙ্গভিত্তিক কিছু প্রচলিত ধারণা রয়েছেন মানুষের মধ্যে। সেগুলির বিরোধিতা করেছেন প্রিয়ঙ্কা। তাঁর মতে, রান্না করা বা ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মতো কাজ শুধুমাত্র মহিলাদের দায়িত্ব নয়। এগুলি আসলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের শেখা উচিত। নারী-পুরুষ নির্বিশেষে যে কোনও মানুষের প্রয়োজনীয় শিক্ষা এইগুলি, মনে করেন প্রিয়ঙ্কা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, দীর্ঘদিন ধরে সমাজে এমন ধারণা রয়েছে যে মহিলারাই ঘরের দায়িত্ব সামলাবেন, আর পুরুষেরা এ সব কাজ থেকে দূরে থাকবেন। এই মানসিকতার বিরোধিতা করে তিনি স্পষ্ট জানান, ঘরের কাজকে কখনও লিঙ্গের সঙ্গে যুক্ত করা উচিত নয়। প্রিয়ঙ্কা বলেন, “ঘর পরিষ্কার করা বা রান্না করা মহিলাদের কাজ নয়। এগুলি একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ দায়িত্ব। আলস্যকে কখনও লিঙ্গের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।”
আরও পড়ুন:
মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বহু বার কথা বলেছেন প্রিয়ঙ্কা। ‘মিটু’ আন্দোলন নিয়েও বক্তব্য জানিয়েছিলেন তিনি। প্রতি নিয়ত মহিলাদের যৌন হেনস্থার শিকার হতে হয়। এই বিষয়ে প্রিয়ঙ্কা সেই সময়ে বলেছিলেন, “যৌন হেনস্থা মহিলাদের সঙ্গে ঘটবেই। এ যেন নিয়ম। তবে এখন অনেক মহিলা এ নিয়ে কথা বলছেন। ভয় পাচ্ছেন না। সেটাই সাহস দেয়। মনে হয়, আমার সঙ্গেও যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে, তা হলে আর নিজেকে একা মনে হবে না।’’
পর্দায়ও শক্তিশালী চরিত্রেই অভিনয় করেন প্রিয়ঙ্কা। মহিলাকেন্দ্রিক ছবি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ‘দেশি গার্ল’ বলেছিলেন, “নারীকেন্দ্রিক ছবি করতে গেলে অনেক মানসিক চাপ থাকে। কারণ, এমনিতেই তেমন ছবি সংখ্যায় খুব কম হয়। ছবি তৈরি হলেও সেটা বক্সঅফিসে ভাল ব্যবসা না করলে মনে হয়, সব মহিলা শিল্পীদের হারের কারণ হয়ে দাঁড়ালাম আমি। আমার মনে হতে থাকে, আমার জন্যই হয়তো তাঁরা কয়েক ধাপ পিছিয়ে গেলেন। কারণ, নিজেদের প্রমাণ করার সুযোগ মহিলা শিল্পীদের কাছে খুব কমই আসে।’’