Advertisement
E-Paper

সন্তানসম মার্জার ও সারমেয়কে হারালেন দিশা! কী ভাবে একই দিনে দুই পোষ্যের মৃত্যু? উঠছে প্রশ্ন

প্রায়ই পোষ্যদের সঙ্গে ছবি ভাগ করে নিতেন দিশা। বৃহস্পতিবার তাদের মৃত্যুর খবর দিতেই মন ভেঙেছে দিশার অনুরাগীদেরও। একই দিনে দুই পোষ্যের মৃত্যু কী ভাবে, সেই প্রশ্নও তুলছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৮:১৪
পোষ্য সারমেয় ও মার্জারকে হারালেন দিশা!

পোষ্য সারমেয় ও মার্জারকে হারালেন দিশা! ছবি: সংগৃহীত।

মন ভাঙল দিশা পটানীর। যাদের ছাড়া এক মুহূর্ত কাটে না, তাদের একসঙ্গে হারালেন অভিনেত্রী। একই সঙ্গে সন্তানসম পোষ্য মার্জার ও সারমেয়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন অভিনেত্রী।

প্রায়ই পোষ্যদের সঙ্গে ছবি ভাগ করে নিতেন দিশা। বৃহস্পতিবার তাদের মৃত্যুর খবর দিতেই মন ভেঙেছে দিশার অনুরাগীদেরও। একই দিনে দুই পোষ্যের মৃত্যু কী ভাবে, সেই প্রশ্নও তুলছেন তাঁরা। দিশা তাঁর সমাজমাধ্যমে দুই পোষ্যের ছবিই ভাগ করে নিয়েছেন। অভিনেত্রী প্রথমে তাঁর সারমেয় পোষ্য বেলার মৃত্যুর খবর সমাজমাধ্যমে দেন। বেলার সঙ্গে কাটানো একগুচ্ছ মিষ্টি মুহূর্তের ছবিও রয়েছে সেখানে। দিশা লেখেন, “আমার প্রিয় বেলা, আমার জীবনকে রঙিন করে তোলার জন্য ধন্যবাদ। আমাদের বাড়িতে আসার জন্য এবং আমাকে মা হিসাবে বেছে নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি শিখিয়েছ, ভালবাসা কাকে বলে। তোমার চোখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পেতাম। তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে ভালবাসি।” প্রিয় সারমেয়কে ‘সোলমেট’ বলেও সম্বোধন করেন দিশা। আদর করে লেখেন, “প্রিয় বেলু, আমি কৃতজ্ঞ থাকব সারাজীবন।”

কিছু ক্ষণের মধ্যেই পোষ্য মার্জারের ছবিও ভাগ করে নেন দিশা। মার্জারের নাম— জেসমীন। তার উদ্দেশে দিশা লেখেন, “আমার জেসমীন, সব সময় ভাল বাচ্চার মতো ছিলে তুমি। তোমার মা হতে পেরে আমি কৃতজ্ঞ। তুমি সারাজীবন আমার জীবনে রাজকন্যা হয়ে থাকবে। আমার হাতে যখন তোমার নরম থাবা স্পর্শ করত, আর তুমি যখন আমার কোলে শান্তিতে ঘুমোতে, জগতের সেরা সেই অনুভূতি। আমি ভাষায় প্রকাশ করতে পারব না।”

শোকে পাথর হয়ে দিশা লিখেছেন, “আমি তোমাকে খুব ভালবাসি জেসু, তোমাকে খুব মনে পড়বে। তোমাকে সারাজীবন ভালবাসব, সারাজীবন তুমি আমার মনের মধ্যে থাকবে।” জেসমীনের ছবি দেখেও আবেগপ্রবণ অনুরাগীরা। কিন্তু কী ভাবে দুই পোষ্যের মৃত্যু হল, তা প্রকাশ করেননি অভিনেত্রী।

Disha Patani

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy