Advertisement
E-Paper

ইদের পরে আবার রক্তপরীক্ষা! ‘এ বার ভয়ে কুঁকড়ে যাচ্ছে দীপিকা, ভেঙে পড়ছে’, বললেন শোয়েব

এত দিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে অভিনেত্রীর মনে যেন একটা ভয় ঢুকে গিয়েছে! শক্ত থাকার চেষ্টা করলেও কান্নাকাটি করে ফেলছেন অভিনেত্রী, জানিয়েছেন তাঁর স্বামী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৩:০৮
দীপিকা কক্কড়।

দীপিকা কক্কড়। ছবি: ফেসবুক।

ভয় ঢুকেছে দীপিকা কক্কড়ের মনে! দ্বিতীয় বার তাঁর যকৃতে যে সিস্ট পাওয়া যায়, তা শরীরের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় পুড়িয়ে সরানো হয়েছে। ইদের পরে আবার তাঁর রক্তপরীক্ষা হওয়ার কথা। এত দিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে অভিনেত্রীর মনে যেন একটা ভয় ঢুকে গিয়েছে! এমনই বার্তা দিয়েছেন তাঁর অভিনেতা-স্বামী শোয়েব ইব্রাহিম।

গত বছর দীপিকার যকৃতে প্রথম ক্যানসার ধরা পড়ার খবর প্রকাশ্যে আসে। অস্ত্রোপচার করে সরানো হয় সেই টিউমার। সেই সময়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। তবে ধীরে ধীরে সেরে উঠছিলেন। কিন্তু, তার কয়েক মাস পরেই চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার সিস্ট পাওয়া যায়। বার বার হাসপাতাল, বাড়ি, কড়া নিয়মকানুন, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপত্রের মাঝে থাকতে থাকতে মনমেজাজ ভাল নেই অভিনেত্রীর। শক্ত থাকার চেষ্টা করলেও মাঝেমাঝে ভেঙে পড়ছেন। এখন যেন অভিনেত্রীর মনে ভয় ঢুকেছে।

শোয়েব নিজের ভ্লগে জানিয়েছেন, দ্বিতীয় অস্ত্রোপচারের পর দীপিকার স্বাভাবিক জীবনে কিছু বদল এসেছে। নতুন ডায়েট রুটিনে চলতে হচ্ছে তাঁকে। এখন সকাল ৭টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েন অভিনেত্রী। নিয়ম করে হাঁটতে বের হন। সন্ধ্যা ৭টার পরে আর কিছু খাওয়া বারণ তাঁর। এখনও রান্নাবান্না-সহ অনেক কাজ করা নিষেধ দীপিকার। কারণ, এখনও তাঁর রক্তপরীক্ষা বাকি। সে কথা মনে করালেই ভয় পাচ্ছেন দীপিকা, দাবি তাঁর স্বামীর।

দীপিকা নিজেও এ কথা স্বীকার করেছেন। স্বামীর ভ্লগেই তাঁকে বলতে শোনা যায়, “আমি এখনও সুস্থ হইনি। শেষ বার সিস্ট ধরা পড়ার পরে, আমার মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে। আমি এখন ভয় পাই। সবাই বিশ্বাস রাখতে বলেন। আমি সব সময় প্রার্থনা করি, যেন ভবিষ্যতে সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু আমরা সবাই জানি, যা ঘটার সেটাই ঘটবে।” এই উপলব্ধি থেকেই বাড়ির সবাই তাঁকে হাসি-মজায় মাতিয়ে রাখার চেষ্টা করলেও ইদানীং কান্নাকাটি করছেন অভিনেত্রী। প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্বের রক্তপরীক্ষা হবে দীপিকার। সে কথা মনে করেই নাকি আরও কুঁকড়ে যাচ্ছেন তিনি।

Shoaib Ibrahim Cancer Dipika Kakar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy