গত বছর মে-জুন মাস থেকেই অসুস্থ অভিনেত্রী দীপিকা কক্কড় ইব্রাহিম। যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়েছিল ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর। হাসপাতালে ভর্তি হলে টেনিস বলের আকারের টিউমার বাদ দিয়েছিলেন চিকিৎসকেরা। দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। ক্যানসারের চিকিৎসায় মুঠো মুঠো চুল উঠছিল তাঁর। তবে চিকিৎসকের কাছে গিয়ে কিসের অনুরোধ জানান দীপিকা?
শোয়েব ইব্রাহিমকে বিয়ে করার পরে ছোটপর্দা থেকে নিজেকে সরিয়ে নেন দীপিকা। সন্তান-সংসার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। নিজের জীবনযাপনের ধরনে বদল আনতে শুরু করেন। বেশ কিছুটা ওজনও বেড়ে যায় তাঁর। তবে ক্যানসারে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসককে দীপিকা নাকি বলেছিলেন, ‘‘আমার কোনও বিষয় নিয়ে আগ্রহ নেই। আমাকে দেখতে খারাপ হবে কি না, কিছু যায়-আসে না! খালি দু’বেলা চিনি দিয়ে মিষ্টি চা খাওয়াটা বন্ধ করতে বলবেন না।’’ যদিও এমন আবদারেও চিকিৎসকদের থেকে পুরোপুরি অনুমতি মেলেনি।
মাঝে ক’টা মাস ভালই ছিলেন অভিনেত্রী। তবে গত ২০ ফেব্রুয়ারি থেকে ফের পেটে ব্যথা শুরু হয় তাঁর। ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানোর কথা দীপিকাকে। এ বার আর অস্ত্রোপচার নয়, নতুন যে সিস্টটি হয়েছে সেটিকে পুড়িয়ে ফেলা হবে বলেই জানান অভিনেত্রীর স্বামী। প্রয়োজনে কেমোথেরাপি দিতে হতে পারে অভিনেত্রীকে।