উদয়পুরে এখন আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। মহারাণা প্রতাপ বিমানবন্দরে ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যে হায়দরাবাদ থেকে উদয়পুরে পৌঁছে গিয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। তবে উদয়পুর সিটি প্যালেসে বিয়ের আসর বসছে না বলে খবর। মূল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অরাবলী পাহাড়ের গায়ে সুসজ্জিত রিসর্টে হবে বিয়ে। সেখানে থাকার খরচ নেহাত কম নয়।
আরও পড়ুন:
রবিবারই নিজেদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন তারকাযুগল। নিজেদের জন্য বেছে নিয়েছেন ‘বিরোশ’ নামটি। খবর, শহরের কোলাহল থেকে দূরে ‘মেমেন্টোস’ নামক একটি বিলাসবহুল রিসর্টে বসছে বিয়ের আসর। ২৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত রিসর্টটি ভাড়া নিয়েছেন তাঁরা। প্রায় ১০০টি ভিলা রয়েছে সেখানে। অতিথি তালিকায় মাত্র ৫০ জনের নাম রয়েছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। এই রিসর্টের প্রতি রাতের ভাড়া প্রায় ৩৭ হাজার থেকে ৫৭ হাজার টাকা পর্যন্ত।
উল্লেখ্য, শোনা যাচ্ছে তাঁদের বিয়েতে ক্যামেরাও নিষিদ্ধ। বিজয় ও রশ্মিকার প্রীতিভোজের অনুষ্ঠান হবে ৪ মার্চ, হায়দরাবাদে। তাঁদের প্রীতিভোজের একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তাতে তেমনই উল্লেখ করা হয়েছে, যদিও সেই আমন্ত্রণপত্রের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। নিজেদের বিয়ের খবরে সিলমোহর দিলেও কোথায় বিয়ে হবে বা কোন তারিখে বিয়ে হবে তা নিজেরা ঘোষণা করেননি রশ্মিকা-বিজয়।