আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়। ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার (বাফটা) পেল মণিপুরি ভাষায় তৈরি ছবি ‘বুং’। আবেগে পূর্ণ এই ছবির নেপথ্যে রয়েছেন ফারহান আখতার। একাধিক আন্তর্জাতিক ছবির সঙ্গে পাল্লা দিয়েই সেরার শিরোপা পেল এই ছবি।
‘বুং’ ছবির পরিচালনা করেছেন লক্ষ্মীপ্রিয়া দেবী। প্রযোজনায় বলিউডের প্রযোজক-পরিচালক ফারহান। ভারতের আ়ঞ্চলিক প্রদেশের গল্প এখনও বিশ্বের দরবারে আকর্ষণীয়, ‘বুং’ তার প্রমাণ। আন্তর্জাতিক মঞ্চ থেকে মণিপুরি কিশোরের দিনলিপি সম্ভবত সে কারণেই জয় ছিনিয়ে আনতে পেরেছে। এই সম্মান তাই উত্তর-পূর্ব ভারতের চলচ্চিত্রের জন্য একটি বড় মাইলফলক। বাফটা-য় ‘বেস্ট চিল্ড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরা হয়েছে এই ছবি।
এ দিন ছবির অন্যতম প্রযোজক ফারহান তাঁর স্ত্রী শিবাণী দন্ডেকরকে নিয়ে যখন মঞ্চে পা রাখলেন, তখন তাঁদের চোখমুখে লক্ষ হিরের ঝলক!
‘বুং’ মণিপুরের উত্তপ্ত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ছোট ছেলের গল্প বলে। মণিপুরি ভাষায় ছবির নামের অর্থ ‘ছোট ছেলে’। ছেলেটি তার হারানো বাবাকে খুঁজে আনাতে দৃঢ়প্রতিজ্ঞ। কারণ, সে জানে বাবাকে খুঁজে আনলেই তার মায়ের মুখে হাসি ফুটবে। এই চরিত্রে অভিনয় করেছেন গুগুন কিপগেন। ছবিটি মুক্তি পেয়েছে গত সেপ্টম্বরে। তার আগে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ছবিটি। প্রশংসিত হয় আন্তর্জাতিক মানের সিনে সমালোচকদের থেকে।