তিনি তৃণমূল কংগ্রেস নেতা হলেও ব্যতিক্রমী, কিছু দিন আগেই নন্দন চত্বরে গিয়ে দেবকে নিয়ে এমনই মন্তব্য করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীনও বিজেপি-ঘনিষ্ঠ তারকাদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন দেব। ‘ব্যান’ সংস্কৃতির উল্টোপথেও হেঁটেছেন। তাই বিজেপির নেতাদেরও ‘গুডবুক’-এ থেকেছেন তিনি। এখন রাজ্যের নতুন সরকার ও নতুন মুখ্যমন্ত্রী নিয়ে দেবের কী মত?
সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করা হলেই তিনি মেদিনীপুরের কথা তুলে আনেন। দেবের নিজের বাড়িও মেদিনীপুরে। তাই হাসতে হাসতেই টলি তারকা ও সাংসদ বলেন, “ভাল তো! মেদিনীপুর সব সময়ে এগিয়ে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।”
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরেও দেব জানিয়েছিলেন যে, রাজনীতিতে আর খুব বেশি জড়াতে চান না তিনি। অভিনয়েই মন দিতে চান।
দলের পরাজয় তাঁকে কষ্ট দিলেও, রাজ্যে এই বদলকে তাই দেব স্বাগত জানিয়েছিলেন। বিশেষত ইন্ডাস্ট্রির ‘ব্যান’ সংস্কৃতি নিয়ে তিনি আশা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠু ভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে।” তবে পাশাপাশি এ-ও উল্লেখ করেছিলেন, “যদি তৃণমূল কংগ্রেসের করা ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটে।”
ছাব্বিশের বিধানসভা নির্বাচন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা রাজ্যবাসী আগাম বুঝেছিল। আর বুঝেছিলেন রাজনৈতিক প্রার্থীরাও। তাই অসুস্থতা নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত দলের হয়ে প্রচার করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ-অভিনেতা। কিন্তু ফলপ্রকাশের পরে ইন্ডাস্ট্রিতে আরও ভাল কাজ করার দিকেই তাঁর নজর। তাঁর কথায়, “যিনি বা যাঁরা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, নেপথ্যে থেকে আমি সব সময়ে তাঁদের পাশে।”