Advertisement
E-Paper

রাত থেকে আটক থাকার পরে অবশেষে গ্রেফতার প্রশান্ত বর্মণ! স্বর্ণব্যবসায়ী হত্যার মামলাতেও হেফাজতে নেওয়ার তোড়জোড়

গত ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এত দিন পুলিশের নাগালের বাইরেই রয়ে গিয়েছিলেন রাজগঞ্জের অপসারিত বিডিও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১২:৫০
রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ।

রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ। —ফাইল চিত্র।

রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে আটক করার পরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিউটাউনের ইকো পার্ক থানায়। মঙ্গলবার সকালে ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’-এর আওতায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে, স্বর্ণব্যবসায়ী খুনের মামলাতেও তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ।

সোমবার রাতে নিউটাউনে এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ ওঠে প্রশান্তের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সেই সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। অসংলগ্ন আচরণও করছিলেন। ধাক্কা মারার পরে ওই পথচারীর সঙ্গে একপ্রস্ত বচসা হয় এত দিন ধরে ‘ফেরার’ থাকা প্রশান্তের। খুনের মামলায় দীর্ঘ দিন ধরে পুলিশের নাগালের বাইরে থাকা সেই প্রশান্ত এ বার ধরা পড়লেন পথসুরক্ষা বিধি ভেঙে।

অভিযোগ, সোমবার রাতে নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় আচমকা প্রশান্তের গাড়ি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে। যেখানে ঘটনাটি ঘটে, সেখান থেকে কিছুটা দূরে একটি স্কুটার দাঁড় করানো ছিল। ওই ব্যক্তি ছিটকে এসে ওই স্কুটার আরোহীর গায়ে গিয়ে পড়েন বলে অভিযোগ। ওই ব্যক্তির পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। স্কুটার আরোহীই প্রশান্তের গাড়ি আটকান। পরে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালধার থেকে সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। তাঁকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। ওই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রশান্ত। বারাসত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মণ। তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। হাই কোর্ট সেই আগাম জামিনের নির্দেশ খারিজ করে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। পরে গত ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এত দিন পুলিশের নাগালের বাইরেই রয়ে গিয়েছিলেন রাজগঞ্জের অপসারিত বিডিও।

এ বার শেষপর্যন্ত পথসুরক্ষা বিধি ভেঙে পুলিশের হাতে ধরা পড়লেন প্রশান্ত। মঙ্গলবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, আদালতে পেশ করার পরে খুনের মামলাতেও প্রশান্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

New Town
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy