জাহাজ মেরামতকারী সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। ওই পদে মোট ৪০ জনকে নিয়োগ করা হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এ শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে অষ্টম উত্তীর্ণেরা যোগদান করতে পারবেন। ‘রিগার’ ট্রেডের অধীনে তাঁরা প্রথমে প্রশিক্ষণ নেবেন, তার পর চুক্তির ভিত্তিতে কাজ চলবে। সংশ্লিষ্ট ট্রেডের অধীনে ক্রেন এবং সমতুল যন্ত্রের সাহায্যে ভারী সামগ্রী স্থানান্তর সংক্রান্ত কাজ নিযুক্তদের করতে হবে। তাই প্রার্থীদের ফিজ়িক্যাল টেস্ট-এর মাধ্যমে যোগ্যতা যাচাই হতে চলেছে।
আরও পড়ুন:
নিযুক্তদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রথম দু’বছর প্রশিক্ষণ চলবে। সেই সময় ১১ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর চুক্তির ভিত্তিতে তিন বছর পর্যন্ত কাজ চলবে। সেই সময় পারিশ্রমিক হিসাবে মাসে ২২ হাজার ১০০ টাকা থেকে ২৩ হাজার ৪০০ টাকা দেওয়া হবে।
আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। পোর্টাল ৩০ মে পর্যন্ত চালু থাকছে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে।