ঠিক যেন সিনেমা! কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ধরতে নর্তকীদের বেশ ধরলেন পুরুষ পুলিশকর্মীরা। সফল অভিযান শেষে গ্রেফতারও করলেন অপরাধীকে। মজার এই ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডে। নর্তকীদের বেশে পুরুষ পুলিশকর্মীদের একটি ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ছবি। যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব তাইল্যান্ডের থা লুয়াঙে অভিযান চালিয়েছিল পুলিশের দল। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, মেখা ফা-ওয়াপ-ওয়াপ নামের মাদক ব্যবসায়ী থা লুয়াঙে মাদক পাচার করতে পারেন। এর পরেই তাঁকে ধরতে ছ’জন পুলিশকর্মীকে নিয়ে একটি দল তৈরি হয়। পুলিশের ওই দলে পাঁচ জন পুরুষ এবং এক জন মহিলা ছিলেন।
আরও পড়ুন:
ভিয়েতনামের সংবাদমাধ্যম ‘দোই সং অ্যান্ড ফাপ লুয়াত’ জানিয়েছে, মেখাকে একটি অনুষ্ঠানের মধ্যে মাদক পাচার করার সময় হাতেনাতে ধরার পরিকল্পনা করেছিল পুলিশ। এর পরেই ওই পুলিশকর্মীরা নৃত্যশিল্পীদের ছদ্মবেশে ওই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেন। মহিলা পুলিশকর্মীর পাশাপাশি পাঁচ পুরুষকর্মীও নর্তকীর ছদ্মবেশ ধরেন। রূপটানের পাশাপাশি ঝলমলে পোশাকও পরেন তাঁরা। এর পর মাদকপাচারের সময় হাতেনাতে ধরা হয় মেখাকে। তাঁর কাছ থেকে ৫৩টি মেথামফেটামিন বড়ি, মাদক রাখার জন্য ২০০টিরও বেশি প্লাস্টিকের ব্যাগ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
মেখাকে গ্রেফতারের পর পুলিশকর্মীরা নর্তকীর বেশে হাসিমুখে নিজেদের একটি ছবি তোলান। পরে ফেসবুকে শেয়ারও করা হয় ছবিটি। সেই ছবিই প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। জানা গিয়েছে, অপরাধীদের ধরতে তাইল্যান্ডের পুলিশের এমন অদ্ভুত ছদ্মবেশ ধারণের ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি, রাজধানী ব্যাঙ্ককের পুলিশ এক অপরাধকারীকে ধরতে সিংহের ছদ্মবেশ নিয়েছিলেন।