Advertisement
E-Paper

পুরনো ঐতিহ্য রক্ষণাবেক্ষণের ইচ্ছা আছে, কলকাতার নতুন শেরিফ গৌতম ঘোষকে শুভেচ্ছা প্রসেনজিতের

এক বছরের জন্য এই অরাজনৈতিক সম্মাননীয় পদ পেলেন ‘পদ্মানদীর মাঝি’র পরিচালক। শুক্রবার চিঠি পেয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬
গৌতম ঘোষকে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

গৌতম ঘোষকে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

২০২৬-এর কলকাতা শেরিফ মনোনীত হলেন পরিচালক-প্রযোজক গৌতম ঘোষ। অভিনেতা বসন্ত চৌধুরী, রঞ্জিত মল্লিকের মতোই অরাজনৈতিক সম্মাননীয় এই পদ পেলেন তিনি। শুক্রবার চিঠি পান গৌতম। আনন্দবাজার ডট কম তাঁর সঙ্গে যোগাযোগ করতেই খবরের সত্যতায় সিলমোহর দেন পরিচালক।

ফোনের ও পারে একই সঙ্গে আনন্দিত এবং বিড়ম্বিত পরিচালক গৌতম। বললেন, “শুক্রবার চিঠি পেলাম। কী কাণ্ড!” পরিচালক-কন্যা আনন্দী ঘোষ বিদেশ থেকে বাবার কাছে এসেছেন। তাঁর কণ্ঠেও প্রচ্ছন্ন গর্ব। তাঁর ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ ছবির পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডট কম-কে তিনি বলেছেন, “যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পেলেন। গৌতমদাকে প্রচণ্ড শ্রদ্ধা করি। ওঁর জন্য আন্তরিক শুভকামনা রইল।” কলকাতা হাই কোর্টের সুপারিশক্রমে এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে প্রতি বছর শহরের বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে এক জনকে কলকাতা শেরিফ হিসাবে মনোনীত করা হয়। এটি একটি অরাজনৈতিক এবং সম্মানসূচক পদ, এক বছরের জন্য নিয়োগ করা হয়। হাইকোর্ট তিন জনের একটি প্যানেল তৈরি করে এবং রাজ্যপাল তার মধ্যে থেকে শেরিফ নিয়োগ করেন।

পরিচালক গৌতম আরও জানিয়েছেন, আপাতত চেন্নাই যাচ্ছেন তিনি। তাঁর পুরনো ছবির ‘রেস্টোরেশন’ বা পুনরুদ্ধারের জন্য। শহরের অনেক পুরনো ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে। কলকাতার নতুন শেরিফ কি দায়িত্ব পেয়ে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করবেন। “কেন নয়? আমাকে সেই ক্ষমতা দেওয়া হলে অবশ্যই করব”, বললেন গৌতম। এ-ও জানালেন, চেন্নাই থেকে ফিরে তিনি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করবেন। তাঁর দায়িত্ব কতটা, কাজ করার জন্য কতটাই বা ক্ষমতা পাবেন তিনি— এ বিষয়ে বিশদে জানবেন। সেই অনুযায়ী কলকাতা এবং কলকাতাবাসীর জন্য কিছু করার চেষ্টা করবেন।

বরাবর রাজনীতি থেকে দূরে থেকেছেন পরিচালক গৌতম। এর আগে একাধিক সাক্ষাৎকারে আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, রাজনীতি নয়, সিনেমা নিয়েই তিনি খুশি। ২০২৪ থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক। প্রসঙ্গত, এই ঐতিহ্যবাহী শেরিফ পদটি এখনও পর্যন্ত কেবল কলকাতা এবং মুম্বইয়ে বর্তমান।

Prosenjit Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy