Advertisement
E-Paper

‘রিয়ার সঙ্গে যা করেছেন, তা সিয়ার সঙ্গে করবেন না’, দুই ঘটনার তুলনা করে বিতর্কে পরিচালক সঞ্জয় গুপ্ত

সিয়া গয়ালের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। তার মধ্যেই রিয়া চক্রবর্তীর সঙ্গে সিয়ার তুলনা করলেন সঞ্জয় গুপ্ত। এই মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন পরিচালক। সমালোচনার মুখে পড়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৮:৩৫
সিয়া ও রিয়ার মধ্যে তুলনা করলেন পরিচালক সঞ্জয় গুপ্ত!

সিয়া ও রিয়ার মধ্যে তুলনা করলেন পরিচালক সঞ্জয় গুপ্ত! ছবি: সংগৃহীত।

পুণের সিয়া গয়াল ও কেতন অগ্রবালের ঘটনায় প্রতিদিন উঠে আসছে শিউরে ওঠার মতো তথ্য। গ্রেফতার হয়েছেন সিয়া। তদন্ত চলছে। এর মধ্যেই রিয়া চক্রবর্তীর সঙ্গে সিয়ার তুলনা করলেন পরিচালক সঞ্জয় গুপ্ত। এই মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি, সমালোচনার মুখে পড়েছেন।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সঞ্জয় লেখেন, “আমি কারও বিচার করতে যাচ্ছি না। কারও পক্ষও নিচ্ছি না। শুধু বলছি, রিয়ার সঙ্গে যা হয়েছিল, সিয়ার ক্ষেত্রেও যেন আমরা সেই একই ভুল না করি। টিভিতে সেই একই রঙ্গ আমরা সবাই দেখেছি। প্রমাণের আগেই রায় ঘোষণা করা হয়েছিল। আমরা কোনও দিনই শিক্ষা নিই না।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। বহু নেটাগরিক প্রশ্ন তোলেন, রিয়া চক্রবর্তী এবং সিয়া গয়ালের ঘটনার মধ্যে আদৌ কোনও তুলনা টানা যায় কি?

এক জন লেখেন, “সিয়ার সঙ্গে রিয়ার তুলনা! সত্যিই বিস্ময়কর। দুটো ঘটনার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।” আর এক জনের মন্তব্য, “দুটি ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। যত দূর জানা যাচ্ছে, সিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কেতনকে খাদে ঠেলে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তা হলে এই তুলনা কেন? রিয়ার বিরুদ্ধে তো এমন কোনও অভিযোগও ওঠেনি।” আর এক নেটাগরিক কটাক্ষ করে লেখেন, “আপনি যা বলছেন, তার কোনও যুক্তি খুঁজে পাওয়া যায় না। এত চেষ্টা করছেন কার প্রশংসা পাওয়ার জন্য?” কেউ কেউ আবার দাবি করেছেন, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্যই নাকি এই ধরনের মন্তব্য করেছেন পরিচালক।

সঞ্জয়ের মন্তব্য ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরের ঘটনা। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর তদন্ত চলাকালীন অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। অনেকের মতে, তদন্ত হওয়ার আগেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তাঁকে। সমাজমাধ্যমে অনবরত অভিযোগে বিদ্ধ করা হয়েছিল তাঁকে। সেই ঘটনার সঙ্গে সিয়ার তুলনা করায় সঞ্জয়ের উপর ক্ষিপ্ত সাধারণ মানুষ। সুশান্তের পরিবারের একাধিক অভিযোগের পাশাপাশি মাদক সংক্রান্ত মামলায় রিয়াকে গ্রেফতারও করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পরবর্তীতে রিয়া একাধিক সাক্ষাৎকারে জানান, সেই সময়ের ঘটনা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল। পরে অবশ্য রিয়া সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন।

Rhea Chakraborty

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy