৩ জুলাই পরিচালক রাজা চন্দের জন্মদিন। এই বিশেষ দিনে সুখবর শোনালেন অভিনেত্রী তথা পরিচালক-পত্নী পিয়ান সরকার। মা হতে চলেছেন তিনি। বাবা হচ্ছেন রাজা। এই সুখবর সকলের চোখের আড়ালেই রেখেছিলেন। তবে নতুন অতিথি আসার আনন্দে উচ্ছ্বসিত যুগলে।
শুভেচ্ছা জানাতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল পিয়ানের সঙ্গে। প্রথমে মজা করে কথা ঘোরালেও পিয়ান এবং রাজা দু’জনেই জানিয়েছেন, তাঁরা খুবই উত্তেজিত। পিয়ান এই মুহূর্তে নতুন কোনও কাজ শুরু করেননি। কিন্তু রাজা মুম্বই এবং কলকাতা মিলিয়ে শুটিং করছেন।
রাজার জন্মদিনে পিয়ান। ছবি: ইনস্টাগ্রাম।
রাজা-পিয়ান দু’জনেই বলেন, “এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। পরিপূর্ণ অনুভব করছি। খুবই উত্তেজিত আমরা।” পিয়ানকে দেখে আরও বেশি খুশি পরিচালকও। তিনি বললেন, “পিয়ানকে নতুন করে আবিষ্কার করছি মনে হচ্ছে। খুব ভাল লাগছে। উত্তেজনার সঙ্গে এটা বড় দায়িত্বও।”
আরও পড়ুন:
তবে রাজা একই সঙ্গে চিন্তিতও। কারণ, তিনি মুম্বইয়েও কাজ করছেন। ফলে মাসের অনেকটা সময় সেখানেই থাকতে হয় তাঁকে। তাই এই সময়ে পিয়ানের কাছে তাঁর মা এসে থাকছেন মাঝেমাঝে। রাজা জানান, তাঁদের পেশায় যেহেতু কোনও নির্দিষ্ট সময়ের ব্যাপার নেই, তাই একটু চিন্তাতেই আছেন। তবে সেই মতোই সবটা পরিকল্পনা করছেন তাঁরা। প্রায় ছ’মাসের অন্তঃসত্ত্বা পিয়ান। এখন খুবই সাবধানে থাকতে হচ্ছে। তাঁর চিকিৎসক যেহেতু কলকাতার, ফলে রাজার সঙ্গে মুম্বইয়েও যাওয়া সম্ভব নয় পিয়ানের পক্ষে। আপাতত নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন যুগলে।