নানা সময়েই নানা বিতর্কের কারণে শিরোনামে থাকেন জনপ্রিয় নেটপ্রভাবী এলভিশ যাদব। আবার তাঁকে নিয়ে আলোচনা। তবে এ বার লন্ডন বিমানবন্দরে মালপত্র হারালেন তিনি। সম্প্রতি এমনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হন টিভি-তারকা। সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সমাজমাধ্যমে সেই খবর নিজেই দিয়েছেন এলভিশ। ঠিক কী ঘটে তাঁর সঙ্গে? এলভিশের অভিযোগ কী?
সমাজমাধ্যমে এলভিশ জানান, লন্ডনে পৌঁছোনোর পরে তাঁর মালপত্র নাকি খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে খারাপ পরিষেবার প্রদানের অভিযোগ তোলেন। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, “লন্ডন বিমানবন্দরে মালপত্র হারিয়ে গেল আমার। জঘন্য পরিষেবা। অভিযোগও করেছি, কিন্তু তাতেও কোনও উত্তর পেলাম না।” এর পরেই এলভিশের পোস্টে উত্তর দেওয়া হয় ‘ব্রিটিশ এয়ারওয়েজ়’-এর তরফে। সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয় এবং সমস্ত তথ্য চাওয়া হয়। আশ্বাস দেওয়া হয় যে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
তবে এখনও পর্যন্ত এলভিশ তাঁর হারিয়ে যাওয়া মালপত্র পেয়েছেন কি না, তা জানা যায়নি।
আরও পড়ুন:
এলভিশ সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতেই নেটাগরিকেরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, এলভিশ বর্তমানে ‘লাফটার শেফ্স সিজ়ন ৩’ নামক একটি রান্না সংক্রান্ত রিয়্যালিটি শো-এর প্রতিযোগী। সেখানে তাঁকে কর্ণ কুন্দ্রার সঙ্গে জুটি বেঁধে দেখা যাচ্ছে।