অভিজ্ঞান মুখোপাধ্যায় আট বছর পরে বাংলায় ফের পরিচালনায় ফিরছেন। তাঁর আগামী ছবির নাম ‘অনুমানের ভিত্তি’তে। চারটি ছোটগল্প নিয়ে ‘অ্যান্থলজি’ বানাচ্ছেন তিনি। তার একটি গল্পের মুখ্য অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক বিধবা স্বাধীন ভাবে বাঁচতে চান। তাঁকে কি সমাজ নিজের মতো করে বাঁচতে দেবে?
এই প্রেক্ষিতেই নতুন ছবি তৈরি করেছেন অভিজ্ঞান। প্রকাশ্যে, ছবির প্রথম লুক। এই ভাবে শিল্পীদের আগে কখনও দেখেননি দর্শক। সাদামাঠা লুকে প্রকাশ্যে শ্রীলেখার ছবি। এ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী-সহ আরও অনেকে।
চিকিৎসকের চরিত্রে শ্রীলেখা মিত্র। —নিজস্ব চিত্র।
শ্রীলেখা বলেন, “এখানে কোনও ছেলের বৌয়ের অশান্তি, সংসারের ঝামেলা নেই। তার নিজের একটা জগৎ আছে। নিজের স্বপ্ন আছে। চেয়েছিল নিজের বাড়ি হবে। এ ক্ষেত্রে আমার সঙ্গে মিল আছে।”
ছবি প্রসঙ্গে পরিচালক জানান, ‘অনুমানের ভিত্তিতে’ এমন একটি পারিবারিক গল্প যা সাধারণ দর্শক খুব সহজেই নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন। বাস্তবে মানুষ যেখানে স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, সেখানে এই চলচ্চিত্রের চরিত্রগুলো সমাজের বুকে সেই ‘স্বনির্ভরতা’র অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে।
শিশুশিল্পীর সঙ্গে শঙ্কর চক্রবর্তী। —নিজস্ব চিত্র।
আরও পড়ুন:
অভিজ্ঞান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে লিলি চক্রবর্তী এবং অলকানন্দা রায় বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান অভিনেত্রীরা আমার গল্পের উপর আস্থা রেখেছেন। পাশাপাশি শ্রীলেখা মিত্র, অমৃতা চট্টোপাধ্যায় এবং রোহন ভট্টাচার্যের মতো দুর্দান্ত একঝাঁক শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ।”
নতুন রূপে অমৃতা চট্টোপাধ্যায় এবং শ্রীমা ভট্টাচার্য্য। —নিজস্ব চিত্র।
এই ছবিতে দেখা যাবে বেশ কিছু মঞ্চাভিনেতাকেও। অভিনেতা দেবদত্ত ঘোষও এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
দীর্ঘ ৮ বছরের বিরতির পর আবার পূর্ণদৈর্ঘের ছবি পরিচালনা করবেন অভিজ্ঞান।