শ্রীলঙ্কায় নাকি বেধড়ক মারপিট করেছেন! নিজেও মার খেয়েছেন। শতাফ ফিগার নাকি জমিয়ে অ্যাকশন করে এসেছেন বিদেশবিভুঁইয়ে! হঠাৎ নিজের দেশ ছেড়ে কেন অত দূর গিয়ে ‘অ্যাকশন’ করলেন?
আসল খবর অন্য। বাকি অভিনেতাদের মতো এ বার বাংলাদেশের বিনোদনদুনিয়ায় পা রাখছেন কলকাতার ছেলে শতাফ। অভিনেতাকে শেষ দেখা গিয়েছে অরিন্দম শীলের গত পুজোর ছবি ‘মিতিন মাসি’তে। এ বার তিনি অভিনয় করলেন মেহেদী হাসান হৃদয়ের আসন্ন ইদের ছবি ‘রাক্ষস’-এ। এই ছবি দিয়ে শতাফের মতোই বাংলাদেশের ছবিতে প্রথম অভিনয় করলেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবিতে নায়ক সিয়াম আহমেদের বিপরীতে তিনি।
আরও পড়ুন:
‘রাক্ষস’-এর খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। পরিচালক এবং নায়ক উভয়েই জানিয়েছিলেন, ছবিতে রোমান্স, অ্যাকশন প্রচুর থাকবে। তখনই শোনা গিয়েছিল, বাংলা এবং মুম্বই-খ্যাত এক অভিনেতাকে খলনায়কের ভূমিকায় বেছেছেন তাঁরা। তবে তিনি কে, সে কথা কিছুতেই বলতে চাননি পরিচালক। শতাফও এই বিষয়ে নীরব। তবে খবর গোপন থাকেনি।
এই ছবির শুটিংয়ের জন্যই শ্রীলঙ্কায় গিয়েছিলেন শতাফ। ছবির সিংহভাগ ক্যামেরাবন্দি হয়েছে ওখানে। নায়ক সিয়ামের সঙ্গে প্রচুর অ্যাকশন করেছেন। শুটের অবসরে ঘুরে দেখেছেন দেশ। মিশে গিয়েছিলেন ও পার বাংলার মানুষদের সঙ্গে। টিমের অন্দরের খবর, অভিনেতা এবং ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকে পরস্পরের সান্নিধ্যে এসে খুব খুশি। আগামী দিনে আবার একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি নাকি নিয়েছেন তাঁরা।