২০২৫ সালে অভিনেত্রী অবনীত কৌরের ছবি ‘লাইক’ করে তা আবার ‘আনলাইক’ করেন বিরাট কোহলি। দোষ দেন ‘অ্যালগোরিদ্ম’-এর উপরে। এর পরে ২০২৬ সালে জার্মান নেটপ্রভাবী লিৎজ়ালাৎজ়ের ছবিতে বিরাটের ‘লাইক’। হইচই পড়ে যায় নেটপাড়ায়। তাঁর প্রিয় ক্রিকেটতারকা ছবি ‘লাইক’ করেছে জেনে খুশি হন লিৎজ়ালাৎজ়। এ বার বিরাটকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন সেই সুন্দরী।
আরও পড়ুন:
যে দিন বিরাট তাঁর ছবি ‘লাইক’ করেন, তার পর থেকে প্রতিনিয়ত যে ভাবে বিভিন্ন মানুষের থেকে বার্তা পেয়েছেন, তাতে নাকি খানিকটা অপ্রস্তুতেই পড়েন লিৎজ়ালাৎজ়। সেই সময়ে এক সাক্ষাৎকারে জার্মান নেটপ্রভাবী বলেন, “আমার তো চক্ষু চড়কগাছ। সকালে ঘুম থেকে উঠে দেখছি সমস্ত খবরে আমি!” তিনি আরও যোগ করেন, “কিন্তু, উনি (বিরাট) যে কখন ছবিটা ‘লাইক’ করেছেন তা বুঝতেই পারিনি। খবর পড়ে জানলাম। চারিদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে খবর দেখে আমার একাধিক পরিচিত আমাকে সেগুলো পাঠান। আজ অজস্র মেসেজ পেয়েছি। সকলেই বেশ উচ্ছ্বসিত।”
তবে এখানেই শেষ নয়। এই ঘটনার মাসখানেক পরে নতুন এক দাবি করে বসেন এই নেটপ্রভাবী। তাঁর দাবি, বিরাটের নামে অপশব্দ ব্যবহার করার প্রস্তাব আসে তাঁর কাছে। বদলে নাকি মোটা টাকার প্রস্তাবও দেওয়া হয় তাঁকে। লিৎজ়ালাৎজ়ের কথায়, ‘‘ওই ঘটনার পরে বহু ফোন পেয়েছি, যাঁরা আমাকে মোটা টাকা দিতে প্রস্তুত ছিলেন। তাঁদের একটাই দাবি, বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু বলতে হবে, যা তাঁর ভাবমূর্তি নষ্ট করে দেবে। আমি সেটা করতে রাজি হইনি। কারণ, আমি ওই ধরনের মানুষ নই।’’ পাশাপাশি তিনি এ-ও জানান, বিরাট যেহেতু তাঁর পছন্দের ক্রিকেটতারকা, তাই তাঁর সম্পর্কে কোনও মিথ্যা মন্তব্য করতেই পারবেন না।