Advertisement
E-Paper

গোপনে বিয়ে সেরে ফেললেন রশ্মিকা ও বিজয়? তারকাজুটির পরিণয়ের ছবি নিয়ে উঠছে প্রশ্ন

শুক্রবার রশ্মিকা ও বিজয়ের কয়েকটি ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে। সেই ছবিতে বিজয় ও রশ্মিকাকে সাবেকি বর-কনের বেশে দেখা যাচ্ছে। গলায় তাঁদের বিয়ের মালা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭
রশ্মিকা ও বিজয় গোপনে বিয়ে সারলেন?

রশ্মিকা ও বিজয় গোপনে বিয়ে সারলেন? ছবি: সংগৃহীত।

গোপনে বিয়ে সেরে ফেললেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা? মাসকয়েক আগে তাঁদের বাগ্‌দান হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তবে এখনও তা নিয়ে কোনও স্বীকারোক্তি আসেনি তারকাজুটির তরফ থেকে। এ বার কি গোপনে সাতপাকও ঘুরে নিলেন বিজয় ও রশ্মিকা?

শুক্রবার রশ্মিকা ও বিজয়ের কয়েকটি ছবি ঘিরে তেমনই জল্পনা শুরু হয়েছে। সেই ছবিতে বিজয় ও রশ্মিকাকে সাবেকি বর-কনের বেশে দেখা যাচ্ছে। গলায় তাঁদের বিয়ের মালা। আর তাঁদের দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন মহেশবাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোডকর। এই ছবি ছড়িয়ে পড়তেই প্রশ্ন ওঠে, গোপনে বিয়ে করে নিলেন ‘ডিয়ার কমরেড’ ছবির জুটি? কিন্তু জানা যাচ্ছে, এই ছবির কোনও সত্যতা নেই। বিজয় ও রশ্মিকা-জুটির অনুরাগীরা প্রযুক্তির মাধ্যমে এই ছবি তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

গত অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাড়িতে তাঁরা বাগ্‌দান সেরেছিলেন বলে শোনা যায়। তার পরে রশ্মিকার অনামিকায় আংটিও চোখে পড়েছে দর্শকের। এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় রশ্মিকাকে। সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না কোনওটাই স্পষ্ট করে বলেননি তিনি। শুধু বলেছিলেন, “বিয়ের গুঞ্জনে হ্যাঁ বা না, কোনওটাই বলতে চাই না। আমি শুধু এটুকুই বলব, যখন সঠিক সময় আসবে, আমরা সবটা জানাব।”

উল্লেখ্য, বহু দিন ধরেই বিজয় ও রশ্মিকার সম্পর্ক নিয়ে বিনোদনজগতে গুঞ্জন। কিন্তু সেই গুঞ্জনে বিজয় কখনওই কিছু স্পষ্ট করে বলতেন না। তবে চলতি বছরের শুরুতে জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে রয়েছেন। কিছু দিন আগে রশ্মিকার হাতে চুম্বন করতেও দেখা যায় তাঁকে। শোনা যাচ্ছে আগামী বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা।

Vijay Deverakonda Rashmika Mandanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy