Advertisement
E-Paper

উষার অনুমতি নেননি, পাক গায়ক হাসানের ‘হাওয়া হাওয়া’ গানের জন্য কত টাকা দেন ‘ধুরন্ধর’ পরিচালক আদিত্য

অনুযোগ ছিল উষার থেকে অনুমতি নেননি নির্মাতার। অন্য অবস্থান পাক গায়কের সঙ্গে। তাঁর গানের জন্য কত লক্ষ দেন ‘ধুরন্ধর’-এর পরিচালক আদিত্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৬:৪৪
উষার অনুমতি নেননি কিন্তু পাক গায়ককে আদিত্যরা দিলেন কত টাকা?

উষার অনুমতি নেননি কিন্তু পাক গায়ককে আদিত্যরা দিলেন কত টাকা? ছবি: সংগৃহীত।

পাকিস্তানকে নিয়ে গল্প। সেখানকার বাহুবলী থেকে ভারতীয় গুপ্তচরের জীবন নিয়ে তৈরি গল্পে বক্সঅফিসে ঝড় তোলেন পরিচালক আদিত্য ধর। এই ছবিতে নায়ক-নায়িকাদের অভিনয়, আদিত্যের পরিচালনা যেমন প্রশংসিত হয়েছে, তেমনই জনপ্রিয় হয়েছে ছবির গান ও আবহসঙ্গীত। যাঁর নেপথ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব। এই ছবিতে পঞ্জাবি লোকসঙ্গীত থেকে পাকিস্তানি গায়কের গান, পাশাপাশি উষা উত্থুপের গাওয়া ‘রাম্বা হো’র পুনর্নির্মাণ করা হয়েছে। অনুযোগ, উষার কাছ থেকে এ ব্যাপারে অনুমতি নেননি নির্মাতারা। অথচ, পাক গায়কের অনুমতি নিয়ে তাঁকে তাঁর গানের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছেন পরিচালক আদিত্য।

বহু বছর আগে উষার গাওয়া ‘রাম্বা হো’ নতুন ভাবে গেয়ে প্রশংসিত হয়েছেন গায়িকা মধুবন্তী বাগচি। এই গান মুক্তির পর মধুবন্তীর প্রশংসা করেন বর্ষীয়ান গায়িকা উষা। পাশাপাশি উষা জানান, যদিও নির্মাতা কোনও রকম অনুমতি তাঁর কাছ থেকে নেননি, কিন্তু তা বলে রাগ পুষে রাখেননি তিনি। উষা মনে করেন, শিল্পীর থেকেও গানই সবচেয়ে বড়।

এ দিকে ১৯৮৬ সালে ‘হাওয়া হাওয়া’ গানটি পাকিস্তানে মুক্তি পায়। সেই সময় এই গানটি বিপুল জনপ্রিয়তা পায়। কাঁটাতার পেরিয়ে সমান জনপ্রিয় হয়ে ওঠে ভারতেও। সেই সুরের অনুকরণে তার পর একাধিক গান তৈরি হয়েছে। এ বার সরাসরি এই গানটি ব্যবহার করেছেন আদিত্য। সম্প্রতি পাকিস্তানের ইফতারের একটি অনুষ্ঠানে গিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, ‘‘ওঁরা আমার থেকে রীতিমতো অনুমতি নিয়েছে ও ৪৫ লক্ষ টাকা দিয়েছে। আগে তো এ সব কপিরাইটের বন্দোবস্ত ছিল না। কিন্তু এখন আমার এই গানটি যাঁরা ব্যবহার করেন তাঁরা অনুমতি নেন ও টাকাও পাঠান। ১৯৮৬ সালে তৈরি এই গান তখনও সমান জনপ্রিয় ছিল।’’

পুরো গান নয়, মাত্র কয়েক সেকেন্ড ব্যবহার করেন আদিত্য। তাতেই এই পরিমাণ অর্থ গায়ককে দেয় টিম ‘ধুরন্ধর’।

Aditya Dhar Dhurandhar 2 Usha Uthup Dhurandhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy