Advertisement
E-Paper

নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের আগের দিন কলকাতায় আমির খান! কেন শহরে উপস্থিত অভিনেতা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ২১:৫২
কলকাতায় আমির খান।

কলকাতায় আমির খান। ছবি: সংগৃহীত।

আবার কলকাতায় আমির খান! এ বার বাংলায় নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের আগের দিন শহরে এলেন তিনি। খবর, এ দিন দুপুরে কলকাতা বিমানবন্দরে পা রাখতে দেখা যায় অভিনেতা-প্রযোজককে। তখন থেকেই তাঁর শহরে আসা নিয়ে জল্পনা তুঙ্গে।

শোনা যাচ্ছে, শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এদিন শপথ নেবে তাঁর নতুন মন্ত্রীসভার মন্ত্রীরাও। তাই চূড়ান্ত ব্যস্ততা শহরে। এমন পরিবেশে আমির কলকাতায় পা রাখতেই প্রথমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে নাকি আমন্ত্রণ পেয়েছেন তিনি! সেই জন্যই একদিন আগে শহরে এসে পৌঁছেছেন। পরে যদিও সেই গুঞ্জন নস্যাৎ হয়ে যায়।

এর পরেই নতুন সম্ভাবনা তৈরি হয় আমিরকে ঘিরে। তা হলে কি তিনি ফের জিয়াগঞ্জ যাচ্ছেন? তাঁর আগামী ছবি ‘ফোর ইডিয়টস’-এর সদ্য আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। অরিজিৎ সিংহ কি সেই ছবির গান গাইবেন? তার জন্যই কলকাতায় আসতে হল তাঁকে? এবং এই গুঞ্জনই ক্রমশ জোরালো হচ্ছে। কারণ, মাস দেড়েক আগে তাঁর ছেলে জুনেইদ খানের ছবি ‘এক দিন’-এর গান রেকর্ডিংয়ের জন্য কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন অভিনেতা-প্রযোজক। তার পর চুপিসারে পৌঁছে গিয়েছিলেন অরিজিতের মুর্শিদাবাদের বাড়িতে।

আমিরের জিয়াগঞ্জে পৌঁছনোর কিছু দিন আগেই অরিজিৎ ছায়াছবির গান না গাইবার সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন। আমিরকে সে দিন ফেরাতে পারেননি অরিজিৎ। কারণ, দু’জনেই খুব ভাল বন্ধু। এখনও ছায়াছবির গানের দুনিয়ায় প্রত্যাবর্তনের কোনও আভাস অরিজিৎ দেননি। তা হলে আবারও কি তিনি আমিরের আগামী ছবিতে গাইবেন? জানা যায়নি। তবে এ বারেও আমির একা এসেছেন। তাঁর সঙ্গে কোনও প্রচারবিদকে দেখা যায়নি। একই ভাবে মাত্র একজন দেহরক্ষীকে তাঁর সঙ্গে দেখা গিয়েছে। অরিজিৎতের কাছে আগের বার যাওয়ার সময়েও এ ভাবেই এসেছিলেন তিনি।

Jiaganj Aamir Khan Arijit Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy