Advertisement
E-Paper

লগান’-এর ২৫ বছর! ২৫ কোটি টাকায় তৈরি এই ছবিতে আমির ও অন্য অভিনেতাদের পারিশ্রমিক কত ছিল?

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি তৈরি করতে মোট খরচ হয়েছিল ২৫ কোটি টাকা। ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি এই ছবির বাজেট প্রথমে ধরা হয়েছিল ১২ কোটি টাকা। কিন্তু বড় পরিসরের শুটিং, শব্দের ব্যবহার এবং শুটিংয়ের সময়সীমা বৃদ্ধির কারণে শেষ পর্যন্ত খরচ বেড়ে ২৫ কোটিতে পৌঁছয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৯:০০
‘লগান’- তৈরি হয়েছিল ২৫ কোটিতে!

‘লগান’- তৈরি হয়েছিল ২৫ কোটিতে! ছবি: সংগৃহীত।

আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লগান’-এর ২৫ বছর। ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। তবে আজও চলচ্চিত্র নিয়ে আলোচনায় উঠে আসে এই ছবির নাম। এত বছর পেরিয়ে গেলেও ছবিটি দর্শকদের মনে থেকে গিয়েছে। আমির খানের এই ছবি ভারতীয় ছবির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান তৈরি করে নিয়েছিল এবং ২০০২ সালে অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনীত হয়েছিল।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি তৈরি করতে মোট খরচ হয়েছিল ২৫ কোটি টাকা। ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি এই ছবির বাজেট প্রথমে ধরা হয়েছিল ১২ কোটি টাকা। কিন্তু বড় পরিসরের শুটিং, শব্দের ব্যবহার এবং শুটিংয়ের সময়সীমা বৃদ্ধির কারণে শেষ পর্যন্ত খরচ বেড়ে ২৫ কোটিতে পৌঁছয়। ২০০১ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল ‘লগান’। সেই সময়ে এই ছবি ছিল ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র।

আমির খান ছবিতে ভুবনের চরিত্রে অভিনয় করেছিলেন। ভুবন গ্রামের মানুষদের বেআইনি খাজনা থেকে বাঁচাতে একটি ক্রিকেট দল গঠন করে এবং তাদের খেলতে শেখায়। ভুবনের চরিত্রে আমির খানের অভিনয় আজও তাঁর সেরা কাজগুলির মধ্যে অন্যতম বলে ধরা হয়। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন ৩৫ লক্ষ টাকা। গ্রেসি সিংহ এই ছবিতে গৌরীর চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ছিলেন ভুবনের প্রেমিকা। সহজ সরল গ্রামের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে আজও রয়ে গিয়েছে। এই ছবির জন্য গ্রেসি পেয়েছিলেন ৮ লক্ষ টাকা। ‘লগান’ ছিল তাঁর প্রথম ছবি।

ছবিতে লাখার চরিত্রে অভিনয় করেন যশপাল শর্মা। লাখা একজন কাঠুরে, যে গৌরীকে পছন্দ করত। কিন্তু গৌরী ভুবনকে ভালবাসায় সে ভুবনের খেলায় বাধা দেওয়ার চেষ্টা করে। যশপাল শর্মা জানিয়েছিলেন, এই ছবির জন্য তিনি ২ লক্ষ টাকা পেয়েছিলেন। তবে তিনি বলেছিলেন যে, সুযোগ পেলে ২০ হাজার টাকাতেও কাজ করতে রাজি।

ভুবন ও গৌরী।

ভুবন ও গৌরী। ছবি: সংগৃহীত

র‍েচেল শেলি নজর কেড়েছিলেন এই ছবিতে। এলিজ়াবেথ নামের এক ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার চরিত্রটি ভুবন ও তার দলকে ক্রিকেট শিখতে সাহায্য করে এবং পরে ভুবনের প্রেমেও পড়ে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইংল্যান্ডে ফিরে যান। এই ছবির জন্য র‍েচেল পেয়েছিলেন ৫ লক্ষ টাকা।

পল ব্ল্যাকথর্ন ছবিতে ক্যাপ্টেন অ্যান্ড্রু রাসেলের চরিত্রে অভিনয় করেন, যিনি ছিলেন ছবির প্রধান খলনায়ক। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি ৭ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কুলভূষণ খরবন্দা ছবিতে রাজা পুর্ণ সিংহের চরিত্রে অভিনয় করেন। এই ছবির জন্য তিনি পেয়েছিলেন ৩ লক্ষ টাকা। সুহাসিনী মুলে ছবিতে যশোদামার চরিত্রে অভিনয় করেন। আমিরের চরিত্র অর্থাৎ ভুবনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর পারিশ্রমিক ছিল প্রায় ২ লক্ষ টাকা।

ছবির দৃশ্য।

ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজেন্দ্র গুপ্ত গ্রামের প্রধানের চরিত্রে অভিনয় করেছিলেন, যার জন্য ১.৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ভুরার চরিত্রে অভিনয় করা অভিনেতা ক্রিকেটে বিশেষ দক্ষ না হলেও ছবিতে তাঁর চরিত্রটি নজর কেড়েছিল। এই ছবির জন্য রঘুবীর যাদব পেয়েছিলেন ২ লক্ষ টাকা।

Lagaan Aamir Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy