Advertisement
E-Paper

‘মদে ডুবে থাকত, মন পড়ে থাকত বাইরে’, জাভেদকে নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন স্ত্রী হনী?

জাভেদই প্রথম হনীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তাস খেলতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জাভেদ। কী হয়েছিল তার পরে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৯
জাভেদকে  নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন স্ত্রী হনী?

জাভেদকে নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন স্ত্রী হনী? ছবি: সংগৃহীত।

একসময় জাভেদ আখতারের রসবোধ ও বাচনভঙ্গি দেখে প্রেমে পড়েছিলেন। কিন্তু সফল হওয়ার পরে নাকি বদল গিয়েছিলেন গীতিকার। মদে ডুবে থাকতেন তিনি। সম্প্রতি মুখ খুললেন জাভেদের প্রাক্তন স্ত্রী তথা লেখিকা-অভিনেত্রী হনী ইরানি।

জাভেদ-হনীর ১৩ বছরের দাম্পত্য। হনী বলেন, “জাভেদের সঙ্গে আমার প্রথম দেখা হয় ‘সীতা অউর গীতা’র সেটে। আমাকে আমার সংলাপগুলি দিতে এসেছিল জাভেদ। প্রথমেই ওর রসবোধ আমার নজর কেড়েছিল। তা ছাড়া, যে কেউ যে কোনও বিষয়ে ওর সঙ্গে কথা বলতে পারে। ওর অগাধ জ্ঞান। সেটা সত্যিই আকর্ষণীয় একটা গুণ।”

জাভেদই প্রথম হনীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তাস খেলতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জাভেদ। তাস খেলার সময়ে তাঁর হয়ে হনীকে একটি তাস তুলতে বলেন জাভেদ এবং সেই তাসে জয়ী হন। তখনই নাকি গীতিকার বলেছিলেন, “তুমি আমার জন্য খুবই শুভ। চলো, বিয়ে করি।” বিয়ের পরে ধীরে ধীরে সাফল্য আসে জাভেদের কাছে। কিন্তু, সফল হওয়ার পরেই বদল আসতে শুরু করে জাভেদের মধ্যে।

হনীর কথায়, “সাফল্য এলে মানুষের মধ্যে বদল আসে। মানুষের আশপাশেও বদল আসতে থাকে। আমিই সেই বদলের সঙ্গে হয়তো মানিয়ে নিতে পারিনি। ওর মদ্যপানের অভ্যাস সবচেয়ে বড় সমস্যা ছিল। বহু মানুষের সঙ্গে দেখা করত। সারা সন্ধ্যা ওর বাইরেই কাটত। অনেক কিছু বদলে যেতে থাকে। দু’জনেই যথেষ্ট পরিণত ছিলাম, তাই বুঝতে পারি সম্পর্কটা চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না।”

হনী জানান, জাভেদ বহু বার মদ ছাড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। তাই দু’জনের সম্মতিতেই সম্পর্কে ইতি টানেন তাঁরা। জাভেদের দ্বিতীয় স্ত্রী শাবানা আজ়মির সঙ্গে ভাল সম্পর্ক হনীর। তাঁর বক্তব্য, “সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তো সমস্যা হওয়ার কথা নয়। তা হলে কেনই বা রাগারাগি বা কান্নাকাটি থাকবে!”

Honey Irani Javed Akhtar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy