অক্টোবর মাসে গোপনে বাগ্দান সেরেছিলেন। তবে সে কথা রশ্মিকা মন্দানা বা বিজয় দেবরকোন্ডার কেউই স্বীকার করেননি। এই মুহূর্তে তাঁদের বিয়ের জল্পনা তুঙ্গে। প্রথমে খবর ছড়িয়েছিল, ২ ফেব্রুয়ারিই নাকি চারহাত এক হচ্ছে তারকাজুটির। তবে সে খবর ভুয়ো বলে জানান রশ্মিকার ঘনিষ্ঠ সূত্র। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে। এ বার বিয়ের আসর কেমন হবে, তার ঝলক প্রকাশ্যে এল।
উদয়পুরে বসতে পারে বিয়ের আসর, এমনটা আগেই জানা গিয়েছিল। এ বার জল্পনা, রাজস্থানে পিচোলা ঝিলের ধারে ৪০০ বছরের পুরনো প্রাসাদেই নাকি বসবে রশ্মিকা ও বিজয়ের বিয়ের আসর। পাহাড়ের উপর অবস্থিত এই ‘সিটি প্যালেস’ রাজস্থানের সবচেয়ে বড় প্রাসাদ। এই প্রাসাদের বিশেষত্ব লুকিয়ে রয়েছে এর রাজপুত ইতিহাস এবং এর স্থাপত্যের গুণে। এই প্রাসাদ থেকে দেখা যায় বিরাট পিচোলা ঝিল। রাজকীয় বিয়ের আসরের জন্য এই প্রাসাদ খুবই জনপ্রিয় বলে জানা যায়।
আরও পড়ুন:
রশ্মিকা-বিজয়ের বিয়ের তোড়জোড় নাকি তুঙ্গে। তবে বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন তারকাজুটি। বাগ্দানের কথা এখনও স্বীকার করেননি তাঁরা। বিয়েতেও নাকি ছবিশিকারি বা সংবাদমাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন তাঁরা। শুধুই ঘনিষ্ঠ পরিজন উপস্থিত থাকবেন। বিয়ের কয়েক দিন পরে হায়দরাবাদে এসে প্রীতিভোজের আয়োজন করবেন তাঁরা। সেখানে নাকি বিনোদনজগতের বহু তারকাই নিমন্ত্রিত থাকবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথম দেখা বিজয় ও রশ্মিকার। তার পরে ‘ডিয়ার কমরেড’ ছবিতে অভিনয় করার পর থেকে তাঁদের প্রেমের খবর ছড়ায়। গত ৩ অক্টোবর তাঁরা বাগ্দান সেরেছেন।