সদ্য বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে হয়েছে। এ বার ফের বলিউডে বিয়ের সানাই। দীর্ঘ প্রেমপর্বের পরে চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর, খবর এমনই। বোনঝির বিয়ের খবর শুনেই মাসি তেজস্বিনী কোলহাপুরি কী জানালেন?
শোনা যাচ্ছে, উদয়পুরে সাবেক ঢঙে বিয়ের পরিকল্পনা করেছেন শ্রদ্ধা-রাহুল। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই বিষয়ে। সুন্দরী শ্রদ্ধার বিয়ের খবরে মন ভেঙেছে একাধিক পুরুষ অনুরাগীর। আবার অনেকেই তাঁকে জীবনের নতুন অধ্যায়ের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজমাধ্যমে তাঁর বিয়ে সংক্রান্ত একটি পোস্টের মন্তব্যবাক্সে হাজির হন দাদা সিদ্ধান্ত। সেখানে শক্তি-পুত্র লেখেন, “এটা তো আমার কাছেও একেবারে নতুন খবর!” এ বার তাঁর অভিনেত্রী মাসি তেজস্বিনী কোলহাপুরি বলেন, ‘‘আমার সত্যিই তেমন ধারণা নেই। তবে যে ভাবে শ্রদ্ধা পারিবারিক ধারা বজায় রেখেছে, তাতে আমরা ওকে নিয়ে খুশি।’’
আরও পড়ুন:
শ্রদ্ধার আর এক মাসি হলেন পদ্মিনী কোলহাপুরি। তিনিও একসময় খ্যাতনামী অভিনেত্রী ছিলেন। তেজস্বিনী বলেন, ‘‘পদ্মিনী যে সাফল্য দেখেছে সেটা এখনকার যুগের সঙ্গে তুলনা করা যায় না। তবে শ্রদ্ধা ভাল কাজ করছে।’’ শ্রদ্ধার মাসি জানান, তাঁদের দেখা হলে সর্বক্ষণ সিনেমা নিয়েই কথা হয়।
রাহুলের সঙ্গে প্রেমপর্বের আগে কয়েক বার মন ভেঙেছে শ্রদ্ধার। কখনও আদিত্য রায় কপূর, কখনও পরিচালক ফারহান আখতার— শ্রদ্ধার প্রেম নিয়ে নানা সময়ে নানা আলোচনা হয়েছে। শোনা যায়, বিবাহিত ফারহানের সঙ্গে মেয়ের বিয়েতে মত ছিল না বাবা শক্তি কপূরের। সেই কারণেই নাকি সম্পর্কে ইতি টানতে হয় শ্রদ্ধাকে।
তবে রাহুলকে নিয়ে তেমন কোনও সমস্যা নেই। সম্প্রতি এক অনুরাগী শ্রদ্ধাকে জিজ্ঞাসা করেন, তিনি আদৌ বিয়ে করবেন কি না? তাতেই হাসতে হাসতে শ্রদ্ধা বলেন, ‘‘হ্যাঁ, আমি বিয়ে করব। নিশ্চয়ই বিয়ে করব।’’