Advertisement
E-Paper

অনামিকা, শ্রুতির পর কি বিয়ের পিঁড়িতে গীতশ্রী? প্রবীরের সঙ্গে তাঁর ছবি নিয়ে জল্পনা

অনামিকা চক্রবর্তী, শ্রুতি দাস— বিগত কয়েক মাসে দুই নায়িকাই চুপিসারে সেরেছেন বিয়ে। এ বার কি সেই পথেই হাঁটছেন গীতশ্রী রায়? উঠছে প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৭:১৫
Is Geetashree getting married

প্রবীর-গীতশ্রী। —ফাইল চিত্র।

খুব বেশি দিনের ব্যবধান নেই। জুনের শেষে এবং জুলাইয়ের প্রথমে প্রায় পর পর চুপিসারে বিয়ে সেরেছেন টলিপাড়ার দুই নায়িকা— অনামিকা চক্রবর্তী এবং শ্রুতি দাস। নিজের মতো করে সাজাতে চেয়েছিলেন তাঁরা নিজেদের দিনটা। তেমন ভাবেই কাছের মানুষদের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন নায়িকারা। স্টুডিয়োপাড়ার আর এক নায়িকার বিয়ে নিয়েও জল্পনা তুঙ্গে। অনামিকা, শ্রুতির পর কি এ বার বিয়ের পিঁড়িতে গীতশ্রী রায়? সেই আভাস পাওয়া না গেলেও অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ দিয়ে দেখা গেল চারিদিকে শুধুই পাহাড় আর পাহাড়। মনের মানুষের সঙ্গে পাহাড়ে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। ফুটবল তারকা প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। প্রথম দিকে নিজেদের সম্পর্ককে আড়ালে রাখার চেষ্টা করলেও এখন অবশ্য তিনি ‘খুল্লম খুল্লা’ প্রেমে মজেছেন।

দু’দিন আগেই বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করেছিলেন গীতশ্রী। তখন থেকেই অনুরাগীদের কৌতূহল, কোথায় চললেন অভিনেত্রী? অবশেষে তার পরে সমাজমাধ্যমে স্পষ্ট হল সবটাই। পাহাড়ে বেড়াতে গিয়েছেন তাঁরা। কখনও একসঙ্গে প্রাতরাশের ছবি, তো কখনও পাহাড়ের কোলে একসঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করে চলেছেন গীতশ্রী। অনুরাগীদের একাংশের প্রশ্ন, তা হলে কি এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গীতশ্রী-প্রবীরও। নায়িকা অবশ্য আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁরা বিয়ের কথা ভাবছেন না। বিয়ের পরিকল্পনা সারতে এখনও অনেকটাই সময় রয়েছে।

শ্রুতি এবং অনামিকা দু’জনেই খানিকটা বলিউডি ধাঁচেই বিয়ে করেছেন। লোকচক্ষুর আড়ালে। তার পর সমাজমাধ্যমের পাতায় ছবি দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। শ্রুতি আনন্দবাজার অনলাইনকে বলেন, “আমাদের জীবনে বলেকয়ে কিছু হয় না। এক মাস আগে শুটিং সেটে বসে ঠিক করলাম, বিয়ে করব আমরা। এই মুহূর্তে দু’জনে একসঙ্গে কাজ করছি ‘রাঙা বউ’ সিরিয়ালে। তাই ভাবলাম এর পরের কাজগুলো থেকে তেমন সুযোগ না পেলে!” টলিপাড়ার এই নায়িকাদের পথেই কি হাঁটবেন গীতশ্রী? আপাতত অপেক্ষার পালা।

Geetashree Roy Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy