দুই মেয়ের জন্য বিনোদনদুনিয়া থেকে ১৫ বছরের বিরতি নেন শ্রীদেবী। কিন্তু, ২০১৮ সালে দুবাইয়ে আত্মীয়ের বিয়েতে গিয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। তখন জাহ্নবী কপূর সবে বলিউডে আত্মপ্রকাশ করবেন। বোন খুশি কপূর তখনও নাবালিকা। মায়ের মৃত্যু যেন জাহ্নবীকে এক ধাক্কায় অনেকটা বড় করে দেয়। সম্প্রতি জাহ্নবী জানান, শুধু মা নয়, বাবাকেও যেন হারিয়ে ফেলেছেন তিনি।
প্রযোজক বনি কপূর ও শ্রীদেবীর দাম্পত্য ২১ বছরের। যখন শ্রীদেবীর প্রেমে প্রযোজক পড়েন, সেই সময় প্রথম বিয়ের দুই সন্তান রয়েছে বনির। তার পরে শ্রীদেবীকে বিয়ে করেন। প্রথম স্ত্রী মোনা কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় বনির। শোনা যায়, একটা লম্বা সময় বনির পরিবার এই বিয়েকে সমর্থন করেনি। শ্রীদেবীর শাশুড়ি তাঁকে মেনে নেনেনি। কটাক্ষের শিকার হন অভিনেত্রী। তিনি নাকি সংসার ভাঙেন, এমন মন্তব্যও শুনতে হয়েছিল শ্রীদেবীকে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘‘যাঁরা এ সব বলেন, তাঁরা আমার মায়ের উদারতা দেখেননি। কী যে মজার মানুষ ছিলেন! আমার মায়ের মৃত্যু আমাদের গোটা পরিবারকে বদলে দেয় এক লহমায়। এই ঘটনার পরে আমার জীবনে অনেক বদল আসে। ওই দিন আমি মায়ের পাশাপাশি বাবাকেও যেন হারিয়ে ফেলি। মা থাকাকালীন বাবা যেমনটা ছিলেন, আর কখনও সে ভাবে বাবাকে পেলাম না।’’ জাহ্নবী আক্ষেপের সুরে জানান, এই সময়ে তাঁর মা তাঁকে দেখলে হয়তো চিনতেই পারতেন না। শ্রীদেবী-কন্যা বলেন, ‘‘আমাদের হয়তো এখন আর মতের মিলও হত না। জানি না, দেখা হলে কী কথা বলতাম আমরা।’’