ভয়াবহ এক অভিজ্ঞতার কথা এ বার প্রকাশ্যে আনলেন জাহ্নবী কপূর। সেই সময়ে অভিনেত্রীর বয়স মাত্র ১৫। তাঁর বিকৃত ছবি ছড়িয়ে পড়েছিল নীল ছবির ওয়েবসাইটে। শিউরে উঠেছিলেন জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোটা ঘটনাটি তুলে ধরেছেন তিনি।
আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে যে কোনও ছবি তৈরি করা খুব সহজ হয়ে উঠেছে। প্রায়ই অভিনেত্রীদের বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। জাহ্নবী জানান, তাঁর এই অভিজ্ঞতা হয়েছিল অনেক আগেই। সেই সময়ে তিনি স্কুলে পড়তেন। অভিনেত্রীর কথায়, “আমি জানি না, এটা ‘ডিপফেক’-এর মাধ্যমে হয়েছিল কি না। নিজের একটি ছবি পর্ন সাইটে দেখতে পেয়েছিলাম।” কী ভাবে নিজের সেই ছবি চোখে পড়েছিল তাঁর? জাহ্নবী বলেন, “স্কুলে একদিন কম্পিউটার ক্লাস হচ্ছিল। ছেলেরা ওই সব (পর্ন) ওয়েবসাইটে প্রায়ই যেত। সেখানে আমার ছবি ছিল। সেটা এখন অদ্ভুত অভিজ্ঞতা ছিল আমার জন্য।”
আরও পড়ুন:
সমাজমাধ্যমে কোনও নীতিবোধের বালাই নেই বলেই মনে করেন জাহ্নবী। আজও বিভিন্ন জায়গায় তাঁর ছবি বিকৃত করে ব্যবহার করা হয়। তাই তাঁর কথায়, “এখনও শান্তি নেই। বিভিন্ন ওয়েবসাইটেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি আমার ছবি ঘুরে বেড়ায়। যে পোশাক কোনও দিন পরিনি, সেই পোশাকে নিজের ছবি দেখতে পাই।” এর ফলে কাজ পাওয়ার রাস্তাতেও বেশ কিছু অসুবিধা তৈরি হয় বলে জানান শ্রীদেবী-কন্যা। বিষয়টিতে বিরক্ত হলেও অভিযোগ জানাননি তিনি। জাহ্নবীর বক্তব্য, “আমার খারাপ লাগে ঠিকই। কিন্তু এখনও এর বিরুদ্ধে অভিযোগ জানানোর সবল কণ্ঠ আমার নেই।”