বলিপাড়ায় তারকাদের মধ্যে প্রতিযোগিতার কাহিনি মাঝে মাঝেই শুনতে পাওয়া যায়। যদিও প্রকাশ্যে অনেকেই তা স্বীকার করতে চান না। আজকাল রণবীর কপূর এবং রণবীর সিংহকে নিয়ে অনেক সময়েই তুলনামূলক আলোচনা হয়। কিন্তু একটা সময়ে রণবীর কপূরের সঙ্গে জোর প্রতিযোগিতা ছিল অভিনেতা ইমরান খানের।
যদিও প্রকাশ্যে এই প্রতিযোগিতার কথা কেউ স্বীকার করেন না। ইমরান এবং রণবীর কপূর প্রায় একই সময়ে তাঁদের অভিনয়জীবন শুরু করেছিলেন। এমনকি, একটি জনপ্রিয় চ্যাট শো-তেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে ২০১৫ সালে ইমরান হঠাৎই অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দীর্ঘ বিরতির পরে এখন তিনি আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। ইন্ডাস্ট্রির অন্দরের প্রতিযোগিতা সম্পর্কে তাঁর কী দৃষ্টিভঙ্গি?
আরও পড়ুন:
এই প্রসঙ্গে, ইমরান বলেন, “সৃজনশীলতার ক্ষেত্রে প্রতিযোগিতা— এই ধারণাটাকেই আমি কখনও মেনে নিতে পারিনি। এতে সিনেমাকে যেন এক ধরনের প্রতিযোগিতামূলক খেলায় নামিয়ে আনা হয়। আমার মনে হয়, আমরা যে সিনেমাগুলো তৈরি করি, তার প্রতি এতে যথাযথ সম্মান বা সুবিচার করা হয় না।”
ইমরানের কাছে ছবি দেখা এবং তৈরি করা— দুটোই ভীষণ ব্যক্তিগত অভিজ্ঞতা, যাকে কোনও নির্দিষ্ট মানদণ্ডে বেঁধে ফেলা যায় না। তাঁর মতে, একটি সিনেমা কারও মনে গভীর আবেগ জাগাতে পারে, আবার কারও কাছে সেটি ততটা প্রভাব ফেলতেই নাও পারে। এটাই স্বাভাবিক। কিন্তু এই অভিজ্ঞতাকে সংখ্যার হিসাবে মাপা, যেমন বক্সঅফিস বা রেটিং দিয়ে বিচার করা ঠিক নয়।
তিনি আরও মনে করেন, এক জন শিল্পীর জন্য সবচেয়ে বড় বিষয় হল কাজ করার সুযোগ পাওয়া। নিজের ইচ্ছামতো সময়ে আবার নতুন করে কাজ শুরু করতে পারা, এটাই তাঁর কাছে বড় প্রাপ্তি। অনেকেই সিনেমা বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু সুযোগ পান না। সেই দিক থেকে, প্রতিবার কাজের সুযোগ পাওয়াকেই তিনি নিজের সাফল্য হিসেবে দেখেন। ফলে রণবীর কপূরের সঙ্গে প্রতিযোগিতা যে একেবারেই অমূলক তৈরি করা হয়েছে এ কথাই জানিয়েছেন ইমরান।