আফগান প্রেমিকের সঙ্গে একত্রবাস করেছেন জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। বর্তমানে তিনি একটি রিয়্যালিটি শো-তে রয়েছেন। সেখানেই প্রেমিকের কথা উজাড় করেন তিনি।
প্রেমিক কিসে সুখী হন, সেই দিকে খেয়াল রাখেন কৃষ্ণা। তাঁর কাছে এটাই প্রেমের সংজ্ঞা। ওই রিয়্যালিটি শোয়ে প্রিন্স নারুলা ও যুবিকা চৌধরীর সঙ্গে নিজের প্রেমের কাহিনি ভাগ করে নেন পেশায় উদ্যোগপতি কৃষ্ণা। বর্তমানে তিনি মার্শাল আর্ট ফাইটার আবদুল আজ়িম বাদকাশির সঙ্গে সম্পর্কে রয়েছেন।
আরও পড়ুন:
মুম্বইয়ে এক অনুষ্ঠানে আবদুলকে প্রথম বার দেখেছিলেন কৃষ্ণা। তার পরে নিজের ইনস্টাগ্রামের ইনবক্সে গিয়ে সেই মার্শাল আর্ট যোদ্ধাকে খুঁজে পান জ্যাকি-কন্যা। আবদুল তাঁকে মেসেজ পাঠিয়েছিলেন ‘হাই’। সেখান থেকে কথার শুরু। কৃষ্ণার ফোন নম্বর চাইতে খুব দেরি করেননি আবদুল। তাঁর কথা, “এত আত্মবিশ্বাসের সঙ্গে কেউ আগে আমার সঙ্গে কথা বলতে আসেনি। আমার আত্মবিশ্বাস পছন্দ। আমাদের প্রথম ভাষাও আলাদা। ওর প্রথম ভাষা পারসি আর আমার ইংরেজি। আমার মতোই ভাঙা ভাঙা হিন্দি ও বলতে পারে।”
তার পরে কী ভাবে এগোয় সম্পর্ক? কৃষ্ণা বলেন, “দুই সপ্তাহ পরে আমাদের বিমানবন্দরে দেখা। পরস্পরকে বিদায় জানানোর পালা। দু’জনেই কাঁদতে শুরু করি। ও দিল্লিতে ওর বন্ধুর কাছে চলে গেল। তার পরে আমি ওর সঙ্গে দেখা করতে দিল্লি যাই। তিন সপ্তাহ থাকি, আমাদের সম্পর্কও এগোয়। তার পরে আমিই ওকে জিজ্ঞাসা করি, ‘তুমি কি মুম্বইয়ে এসে আমার সঙ্গে থাকবে?’ ও রাজি হয়ে যায় এবং আমরা একসঙ্গে থাকতে শুরু করি।”
একসঙ্গে থাকতে থাকতে আরও পরস্পরের প্রেমে ডুবে যান তাঁরা। আফগান প্রেমিকের সঙ্গে সুখে আছেন বলে জানান তিনি।